স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৮ পি এম

ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়নে ১০১ সদস্যের কমিটি, নেতৃত্বে আরিফুল-শাহীদ

ছবি: প্রতীকী

ঢাকা: ডিপ্লোমা ফার্মাসিস্টদের দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়নের লক্ষ্যে ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে ‘তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ’। নতুন কমিটিতে সভাপতি হিসেবে আরিফুল ইসলাম নিলয় এবং মহাসচিব হিসেবে মো. শাহীদ খান দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সংগঠনের সাংগঠনিক সম্পাদক মো. মোতাছিম বিল্লাহ মুন্না স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একঝাঁক তরুণ পেশাজীবীর সমন্বয়ে গঠিত ‘তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ’ গত দুই বছর আহ্বায়ক কমিটি হিসেবে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল। ডিপ্লোমা ফার্মাসিস্টদের প্রবেশ পদে ১০ম গ্রেড বাস্তবায়নের এক দফা দাবি ও মূল লক্ষ্যকে সামনে রেখে এবার সংগঠনটির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

সংগঠনটির প্রধান দাবি, সরকারি চাকরিতে প্রবেশ পদেই ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেড বাস্তবায়ন করা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে বিষয়টি নিয়ে আলোচনা ও প্রশাসনিক কার্যক্রম চললেও নানা প্রশ্ন ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে তাদের দাবি বাস্তবায়িত হয়নি।

বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে দাবি করা হয়, ১৯৮৮ সালে তৎকালীন সরকার সব ডিপ্লোমাধারীকে ১০ম গ্রেডে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নেয়। এর ধারাবাহিকতায় ১৯৯৪ সালে ডিপ্লোমা প্রকৌশলী, ২০১১ সালে নার্স এবং ২০১৮ সালে ডিপ্লোমা কৃষিবিদরা ১০ম গ্রেড পেয়েছেন।

তবে সমমানের চার বছর মেয়াদি মেডিকেল ডিপ্লোমাধারী হওয়া সত্ত্বেও ডিপ্লোমা ফার্মাসিস্টরা এখনও ১০ম গ্রেড থেকে বঞ্চিত রয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।

তাদের ভাষ্য, ১০ম গ্রেড বাস্তবায়নের ফাইল বিভিন্ন সময় ‘কোয়ারি’ ও আমলাতান্ত্রিক জটিলতার কারণে আটকে রাখা হয়েছে। এ অবস্থাকে তারা পেশাজীবীদের প্রতি বৈষম্যমূলক আচরণ হিসেবে উল্লেখ করেছে।

নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণার মধ্য দিয়ে ডিপ্লোমা ফার্মাসিস্টদের অধিকার আদায়ের আন্দোলন আরও সংগঠিত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেছে ‘তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ’।

সংগঠনটি জানিয়েছে, ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবি বাস্তবায়নে সরকারের সংশ্লিষ্ট মহলের আন্তরিক হস্তক্ষেপ কামনা করা হচ্ছে। একই সঙ্গে দীর্ঘদিনের বৈষম্য দূর করে পেশাজীবীদের ন্যায্য অধিকার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।

সংগঠনের পক্ষ থেকে আরও বলা হয়, দাবি বাস্তবায়নে নতুন কমিটি প্রশাসনিক লিয়াজোঁ, আইনি সহায়তা এবং পেশাজীবীদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে ধারাবাহিক কর্মসূচি গ্রহণ করবে। প্রয়োজন হলে অধিকার আদায়ে কঠোর আন্দোলনের পথেও যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি।

নতুন নেতৃত্বের মাধ্যমে ডিপ্লোমা ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের এক দফা দাবি আরও জোরালোভাবে সরকারের কাছে তুলে ধরার পাশাপাশি সংশ্লিষ্ট দপ্তর ও কর্তৃপক্ষের সঙ্গে কার্যকর যোগাযোগ ও সমন্বয় গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

‘তারুণ্যের শক্তি ফার্মাসিস্ট পরিষদ’ আশা করছে, দীর্ঘদিনের এ দাবি দ্রুত নিষ্পত্তির মাধ্যমে ডিপ্লোমা ফার্মাসিস্টদের পেশাগত মর্যাদা ও বেতন কাঠামোর ক্ষেত্রে বিদ্যমান বৈষম্য দূর হবে।