স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৩ অক্টোবর ২০২৬, ০৬:০৪ পি এম

স্বাস্থ্য খাতকে ‘সকল দুর্নীতির জননী’ বললেন এমপি নাসের রহমান

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বাস্থ্য খাতের অনিয়ম ও দুর্নীতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

তিনি স্বাস্থ্য খাতের দুর্নীতিকে ‘মাদার অব অল দুর্নীতি’ বা ‘সকল দুর্নীতির জননী’ হিসেবে অভিহিত করেছেন।

তাঁর অভিযোগ, স্বাস্থ্য খাতে বিপুল অর্থ বরাদ্দ দেওয়া হলেও দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে সাধারণ মানুষ কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া শহরের মেরিনা স্কয়ারে ‘মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টার’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

বক্তব্যে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে টেন্ডার ছাড়াই ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলনের অভিযোগ তোলেন নাসের রহমান।

তাঁর দাবি, হাসপাতালের তত্ত্বাবধায়ক ও আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) যৌথভাবে এই অর্থ উত্তোলন করেছেন। এ ঘটনায় ইতোমধ্যে তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত শুরু করেছে বলেও জানান তিনি।

নাসের রহমান বলেন, স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়লেও তৃণমূল পর্যায়ের হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অবস্থা জরাজীর্ণ। পর্যাপ্ত নজরদারি ও সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে বরাদ্দের সুফল সাধারণ মানুষ পাচ্ছেন না। স্বাস্থ্যসেবা ব্যবস্থার সার্বিক উন্নয়নে তিনি একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করছেন বলেও জানান।

স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান ও করপোরেট সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) আওতায় বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান এই সংসদ সদস্য।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী বলেন, সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে তাঁর প্রতিষ্ঠান সারা দেশে স্বাস্থ্য ও জনকল্যাণমূলক আধুনিক উদ্যোগ পরিচালনা করছে। সাধারণ মানুষের জন্য মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করাই তাদের মূল লক্ষ্য।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. জাকির হোসেন এবং কুলাউড়া প্রেস ক্লাবের সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী। এ ছাড়া স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তি ও রাজনৈতিক নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।