স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৩ পি এম

তিন বছর বয়সী আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী

ফাইল ছবি

ঢাকা: বগুড়ার নন্দীগ্রাম উপজেলার তিন বছর বয়সী শিশু আবু বক্করের চিকিৎসার দায়িত্ব নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চোখের ত্রুটি নিয়ে জন্ম নেওয়া শিশুটির উন্নত চিকিৎসার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে।

আবু বক্করের বাড়ি নন্দীগ্রাম উপজেলার বুড়ইল ইউনিয়নের সিদেল গ্রামে। তার বাবা একজন দিনমজুর। দুই সন্তানের সংসারে সীমিত আয়ের কারণে ছেলের চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে অসহায় হয়ে পড়েন তিনি।

শিশুটির চোখে ইতোমধ্যে তিনবার অস্ত্রোপচার করা হয়েছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী, আরও দুটি অস্ত্রোপচার করা গেলে তার চোখ ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় আবু বক্করের চিকিৎসায় সহায়তা চেয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি আবেদন ছড়িয়ে পড়ে। বিষয়টি প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি শিশুটির চিকিৎসার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত নেন।

প্রধানমন্ত্রী তাঁর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে শিশুটির চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।

আতিকুর রহমান রুমন ও ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মুকছেদুল মোমিন মিথুনের তত্ত্বাবধানে শিশুটির চিকিৎসার বিষয়ে স্থানীয়ভাবে খোঁজখবর রাখা হচ্ছে। এ কার্যক্রমে সমন্বয় করছেন বিএনপি মিডিয়া সেলের রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক কালাম আজাদ এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর বগুড়ার প্রতিনিধি মো. রাশেদুজ্জামান পিয়াস।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগে আবু বক্করের পরিবার নতুন করে আশার আলো দেখছে। প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে শিশুটি সুস্থ হয়ে উঠবে বলে প্রত্যাশা করছেন তার স্বজনরা।