স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৫ অক্টোবর ২০২৬, ০২:০০ পি এম

বিএমইউতে আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের উদ্বোধন

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) আধুনিক লিভার ক্যান্সার ক্লিনিকের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ক্লিনিকটির উদ্বোধন করেন।

হেপাটোলজি বিভাগের উদ্যোগে এবং বিএমইউ হেপাটোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সহযোগিতায় এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে লিভার ক্যান্সার সচেতনতা মাস ২০২৬ উপলক্ষে একটি বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন হেপাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, লিভার ক্যান্সার প্রতিরোধ, ঝুঁকিপূর্ণ রোগীদের পর্যবেক্ষণ, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ ও সময়োপযোগী চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এ রোগের চিকিৎসায় আধুনিক বৈজ্ঞানিক জ্ঞান, গবেষণা এবং বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ প্রয়োজন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ছয়টিরও বেশি বিভাগের সমন্বয়ে ক্লিনিকটিতে লিভার ক্যান্সার রোগীদের রোগ নির্ণয়, রোগের পর্যায় নির্ধারণ, চিকিৎসাপদ্ধতি নির্বাচন ও চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণে সমন্বিত সেবা দেওয়া হবে। গত আগস্ট থেকে ক্লিনিকটি পরীক্ষামূলকভাবে পরিচালিত হয়ে আসছে।

সেমিনারে লিভার ক্যান্সারের চিকিৎসায় লোকোরিজিওনাল থেরাপি, স্টেরিওট্যাকটিক বডি রেডিওথেরাপি (এসবিআরটি), সার্জিক্যাল রিসেকশন ও লিভার ট্রান্সপ্লান্টেশন নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করা হয়। পাশাপাশি লিভার ক্যান্সার রেজিস্ট্রির অগ্রগতি এবং এ রোগ নিয়ে তথ্যভিত্তিক গবেষণার সম্ভাবনা আলোচনা করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন হেপাটোলজি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. নূরুদ্দীন আহমদ। বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ আকরাম হোসেন, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. বিশ্বজিৎ ভৌমিক এবং এনাম মেডিক্যাল কলেজের হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. আসাদুজ্জামান নূর। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, চিকিৎসক, গবেষক ও রেসিডেন্টরা উপস্থিত ছিলেন।