স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১০ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ পি এম

পাবনায় দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা-কারাদণ্ড

ফাইল ছবি

পাবনা: পাবনার ফরিদপুর উপজেলায় ভেজাল ও নকল দুধ উৎপাদনের দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের মালিককে ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠান দুটি সাময়িকভাবে সিলগালা করা হয়েছে।

শনিবার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পাবনা জেলা কার্যালয় ছদ্মবেশে অভিযান পরিচালনা করে। অভিযানে পুরেন্দরপুর উত্তরপাড়ার শামীম হোসেনের প্রতিষ্ঠানে দুধে হাইড্রোজেন পার-অক্সাইড মেশানোর প্রমাণ পাওয়া যায়।

এ সময় তাঁর কাছে ১০০ গ্রাম হাইড্রোজেন পার-অক্সাইড পাওয়া যায়। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, স্বপ্ন ডেইরি ফার্মে জেলি ও সয়াবিন তেল ব্যবহার করে নকল দুধ উৎপাদন করা হচ্ছিল। অভিযানে সেখানে জেলি, সয়াবিন তেল ও ব্লেন্ড মেশিন পাওয়া যায়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হলে তিনি প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেন। পরে অধিদপ্তর প্রতিষ্ঠানটি সিলগালা করে। এ ছাড়া দুই ড্রাম জেলি ও এক ড্রাম পামওয়েল নষ্ট করা হয়।

অভিযানে পুলিশ লাইনের একটি দল ও র‍্যাব-১২-এর সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভেজাল দুধ বিশেষ করে শিশুদের স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে। এ ধরনের দুধ গ্রহণে বমি, ডায়রিয়া, পাকস্থলী ও অন্ত্রের প্রদাহসহ বিভিন্ন স্বাস্থ্যসমস্যা দেখা দিতে পারে।

ভোক্তাদের বিশ্বস্ত উৎস থেকে দুধ কেনার এবং ভেজাল খাদ্যপণ্য সম্পর্কে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানানোর আহ্বান জানানো হয়েছে।

পাশাপাশি খাদ্যপণ্যে ক্ষতিকর রাসায়নিক মেশানো ও ভেজাল পণ্য বাজারজাতকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে অধিদপ্তর।