স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২৮ অক্টোবর ২০২৬, ১২:২১ পি এম

বিএমইউতে নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

ঢাকা: স্ট্রোক, স্পাইনাল কর্ড ইনজুরি, ট্রমাটিক ব্রেন ইনজুরি ও অন্যান্য স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের কার্যক্ষমতা পুনরুদ্ধার এবং পুনর্বাসনসেবার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর) বিএমইউর সুপার স্পেশালাইজড হাসপাতালের ৫০৭ নম্বর কনফারেন্স রুমে ‘নিউরো রিহ্যাবিলিটেশন কর্মশালা ২০২৬: অ্যাডভান্সড এক্সপেরিয়েন্স শেয়ারিং অপরচুনিটি’ শীর্ষক এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বিএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিএমঅ্যান্ডআর) বিভাগের উদ্যোগে এবং জেনারাস কো. লিমিটেডের সহযোগিতায় আয়োজিত কর্মশালায় সহায়তা দেয় জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)।

কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এম এ শাকুর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. তসলিম উদ্দিন, সিআরপির প্রতিষ্ঠাতা ও সমন্বয়ক ড. ভ্যালেরি এ টেলর এবং জাইকা বাংলাদেশের সিনিয়র প্রতিনিধি মরিকাওয়া ইয়োকো।

কর্মশালায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অব দ্য প্যারালাইজড (সিআরপি), কন্টিনেন্টাল হাসপাতাল, আইচি হেলথকেয়ার গ্রুপ এবং জেনারাস কো. লিমিটেডের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে নিউরো রিহ্যাবিলিটেশন চিকিৎসায় বিদ্যমান অভিজ্ঞতা বিনিময়, চিকিৎসাসেবার উন্নয়নের সুযোগ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে কার্যকর সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি উদ্বোধনী অধিবেশন ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

আয়োজকেরা জানান, স্ট্রোক ও বিভিন্ন স্নায়বিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দৈনন্দিন কাজে স্বনির্ভরতা বৃদ্ধি, কার্যক্ষমতা পুনরুদ্ধার এবং জীবনযাত্রার মান উন্নয়নে নিউরো রিহ্যাবিলিটেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের সেবা রোগীদের দীর্ঘমেয়াদি পুনর্বাসন ও সামাজিক জীবনে ফিরে আসতে সহায়তা করে।

তাঁদের প্রত্যাশা, এ কর্মশালার মাধ্যমে চিকিৎসক ও সংশ্লিষ্ট স্বাস্থ্য পেশাজীবীদের মধ্যে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়বে, আন্তঃপ্রাতিষ্ঠানিক সহযোগিতা জোরদার হবে এবং দেশে আধুনিক, সমন্বিত ও রোগীকেন্দ্রিক পুনর্বাসনসেবা সম্প্রসারণে নতুন সম্ভাবনা তৈরি হবে।