স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৩ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পি এম

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অকালমৃত্যুর কারণ অনুসন্ধানে বিএমইউর সহযোগিতা

ছবি: সংগৃহীত

ঢাকা: মালদ্বীপে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের অকালমৃত্যুর কারণ অনুসন্ধান এবং এ সমস্যা সমাধানে করণীয় নির্ধারণে সহযোগিতা দিতে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর সঙ্গে মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার ড. মো. নাজমুল ইসলামের এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (১৩ অক্টোবর) জুম প্ল্যাটফর্মে অনুষ্ঠিত সভায় মালদ্বীপে বাংলাদেশি শ্রমিকদের অল্প বয়সে মৃত্যুর ঘটনা এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সম্ভাব্য উপায় নিয়ে আলোচনা হয়।

সভায় জানানো হয়, মালদ্বীপে কর্মরত অনেক বাংলাদেশি শ্রমিক অল্প বয়সে মারা যাচ্ছেন এবং এ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিষয়টি নিয়ে বাংলাদেশ হাইকমিশন গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

এসব মৃত্যুর প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিএমইউর কারিগরি সহযোগিতার সম্ভাবনা নিয়ে সভায় আলোচনা করা হয়।

সভায় বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী এ সমস্যা সমাধানে বিভিন্ন কারিগরি দিকনির্দেশনা দেন। তিনি বলেন, দুই দেশের সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও সুস্পষ্ট নির্দেশনা পাওয়া গেলে বিএমইউর পক্ষ থেকে এ সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

এ সময় মালদ্বীপের চিকিৎসকদের বিএমইউ থেকে উচ্চতর ডিগ্রি অর্জনের আগ্রহের বিষয়টিও আলোচনায় আসে। এ ক্ষেত্রে আগ্রহী চিকিৎসকদের কাঙ্ক্ষিত ডিগ্রি, প্রয়োজনীয় যোগ্যতা ও অন্যান্য তথ্য-উপাত্ত পাওয়া গেলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তা যাচাই-বাছাই করে পরবর্তী করণীয় নির্ধারণ করবে বলে জানানো হয়।

সভায় বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং একাডেমিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাব্য ক্ষেত্র নিয়েও মতবিনিময় হয়। এ প্রসঙ্গে উপাচার্য চীন ও ভারতের সঙ্গে বিএমইউর বিদ্যমান সমঝোতা স্মারকের মতো মালদ্বীপের সঙ্গেও সম্ভাব্যতা যাচাই করে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের উদ্যোগ নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন।

সভায় দূতাবাসের অন্যান্য কর্মকর্তাও উপস্থিত ছিলেন।