স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ পি এম

এসিপিএইচএসে প্রযুক্তিনির্ভর ফিজিওথেরাপি শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ

ছবি: সংগৃহীত

ঢাকা

অ্যাগ্রানি কলেজ অব ফিজিওথেরাপি অ্যান্ড হেলথ সায়েন্সে (এসিপিএইচএস) শিগগিরই পূর্ণাঙ্গ নিউরোরিহ্যাবিলিটেশন সেবা চালু হচ্ছে। এ সেবার মাধ্যমে স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন ও দৈনন্দিন কাজ করার সক্ষমতা বাড়াতে সহায়তা দেওয়া হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর ফিজিওথেরাপি শিক্ষা ও ব্যবহারিক প্রশিক্ষণের সুযোগ বাড়বে।

এ উপলক্ষে চীনের গুয়াংজু ইয়েকন মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেড এবং বাংলাদেশের রোবোহেলথ বাংলাদেশের প্রতিনিধিরা কলেজটি পরিদর্শন করেন। এ সময় তাঁরা কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন প্রযুক্তি নিয়ে আলোচনা করেন।

পরিদর্শনকারী প্রতিনিধিদলে ছিলেন গুয়াংজু ইয়েকন মেডিকেল ইকুইপমেন্ট ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি লিমিটেডের জেনারেল ম্যানেজার জিং জিংকিউ, ওভারসিজ রিজিওনাল সেলস ম্যানেজার ঝং রেনহুই এবং প্রোডাক্ট ম্যানেজার জিন ল্যাংহাও। রোবোহেলথ বাংলাদেশের পরিচালক ডা. মো. জাহিদ হোসেনও এ সময় উপস্থিত ছিলেন।

কলেজের পক্ষ থেকে চেয়ারম্যান, অধ্যক্ষ, কো-অর্ডিনেটর, বিভিন্ন বিভাগের ইনচার্জ, শিক্ষক ও শিক্ষার্থীরা প্রতিনিধিদলকে স্বাগত জানান।

কলেজ কর্তৃপক্ষের উদ্যোগে চালু হতে যাওয়া নিউরোরিহ্যাবিলিটেশন সেবায় স্নায়বিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের পুনর্বাসন, কার্যক্ষমতা বৃদ্ধি এবং স্বনির্ভর জীবনযাপনে সহায়তার ওপর গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শিক্ষার্থীরা আধুনিক পুনর্বাসন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ব্যবহারিক জ্ঞান ও ক্লিনিক্যাল দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

সংশ্লিষ্টদের আশা, আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতা, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ জনশক্তির সমন্বয়ে এ উদ্যোগ দেশের ফিজিওথেরাপি শিক্ষা এবং পুনর্বাসনসেবার উন্নয়নে ভূমিকা রাখবে।