স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ইভিডেন্স বেইসড মেডিসিন (প্রমাণভিত্তিক চিকিৎসাবিজ্ঞান) বিষয়ে তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসসি)-এর উদ্যোগে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
কর্মশালায় বিএমইউর বিভিন্ন অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের শিক্ষক ও চিকিৎসকরা অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের মাধ্যমে চিকিৎসা ক্ষেত্রে বৈজ্ঞানিক গবেষণা ও নির্ভরযোগ্য তথ্য-উপাত্তের ভিত্তিতে রোগ নির্ণয়, চিকিৎসা পদ্ধতি নির্বাচন এবং রোগীর সেবার মান উন্নয়নের বিষয়ে অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকরা জানান, আধুনিক চিকিৎসাবিজ্ঞানে ইভিডেন্স বেইসড মেডিসিনের গুরুত্ব দিন দিন বাড়ছে।
চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা, চিকিৎসকের অভিজ্ঞতা এবং রোগীর প্রয়োজন ও মূল্যবোধকে সমন্বয় করে কার্যকর চিকিৎসা নিশ্চিত করাই এ পদ্ধতির মূল লক্ষ্য।
এ ধরনের প্রশিক্ষণ চিকিৎসক ও শিক্ষকদের গবেষণালব্ধ তথ্য যথাযথভাবে মূল্যায়ন ও চিকিৎসাসেবায় প্রয়োগে সহায়ক হবে।
আইকিউএসসির পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
এতে সঞ্চালনার দায়িত্ব পালন করেন আইকিউএসসির অতিরিক্ত পরিচালক ডা. দীনে মুজাহিদ মোঃ ফারুক ওসমানী এবং অতিরিক্ত পরিচালক ডা. আবু সালেহ মোঃ আবু ওবাইদা।
তিন দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ইভিডেন্স বেইসড মেডিসিনের বিভিন্ন দিক, গবেষণালব্ধ তথ্যের মূল্যায়ন এবং চিকিৎসাক্ষেত্রে তার ব্যবহারসহ সংশ্লিষ্ট বিষয়ে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ দেওয়া হবে।