স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: ব্যথামুক্তি ও ব্যথা ব্যবস্থাপনাকে প্যালিয়েটিভ কেয়ারের অপরিহার্য অংশ হিসেবে তুলে ধরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) বিশ্ব হসপিস ও প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।
বুধবার বিএমইউ সুপার স্পেশালাইজড হাসপাতালে বিশ্ববিদ্যালয়ের প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে গুরুতর রোগে আক্রান্ত রোগীদের কষ্ট লাঘব, জীবনযাত্রার মান উন্নয়ন এবং মর্যাদাপূর্ণ সেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘ব্যথামুক্তি ও ব্যথা ব্যবস্থাপনা: প্যালিয়েটিভ কেয়ারের অপরিহার্য অংশ’।
সকালে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্যালিয়েটিভ মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. এ কে এম মতিউর রহমান ভূঁইয়া।
বক্তারা বলেন, ক্যানসারসহ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের ব্যথা উপশমে কার্যকর চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি স্বাস্থ্যসেবার সব পর্যায়ে প্যালিয়েটিভ কেয়ার সম্প্রসারণ জরুরি। এ জন্য দক্ষ জনবল তৈরি, চিকিৎসক-নার্সসহ বিভিন্ন পেশার স্বাস্থ্যকর্মীদের সমন্বিত উদ্যোগ এবং সহজলভ্য সেবা নিশ্চিত করার ওপর তাঁরা গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্যালিয়েটিভ কেয়ার শিক্ষা ও প্রশিক্ষণ, কমিউনিটিভিত্তিক সেবা, এইচআইভি আক্রান্ত রোগীদের চিকিৎসা সহায়তা এবং শিশুদের গৃহভিত্তিক প্যালিয়েটিভ কেয়ার নিয়ে প্রবন্ধ ও অভিজ্ঞতা উপস্থাপন করা হয়। চিকিৎসক, নার্স ও সেবাদাতারা রোগী ও তাঁদের পরিবারের শারীরিক, মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক সহায়তার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
অনুষ্ঠানটি আয়োজন করে বিএমইউর প্যালিয়েটিভ মেডিসিন বিভাগ। এতে সহযোগিতা করে বাংলাদেশ প্যালিয়েটিভ কেয়ার নেটওয়ার্ক।