স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ৮ অক্টোবর ২০২৬, ১২:৩০ পি এম

বিএমইউ’র সি ব্লকের বিভিন্ন বিভাগে উপাচার্যের ঝটিকা পরিদর্শন

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সি ব্লকের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। আজ বৃহস্পতিবার তিনি সার্জারি অনুষদের অধীন পাঁচটি বিভাগ পরিদর্শন করে একাডেমিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও প্রশাসনিক বিষয় সম্পর্কে খোঁজখবর নেন।

বিশ্ববিদ্যালয়ের ৭৪তম একাডেমিক কাউন্সিল ও ৯৯তম সিন্ডিকেট সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও অধিভুক্ত প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রে বিদ্যমান নিয়মনীতি অনুসরণ করে প্রয়োজন অনুযায়ী ঝটিকা বা নীরব পরিদর্শনের উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আজকের এ পরিদর্শন অনুষ্ঠিত হয়।

উপাচার্যের তত্ত্বাবধানে সার্জারি অনুষদের চলমান ২০টি বিভাগের মধ্যে অবস অ্যান্ড গাইনী, চক্ষু বিজ্ঞান, কমিউনিটি অফথালমোলজি, অটোল্যারিংগোলজি হেড অ্যান্ড নেক সার্জারি এবং ইউরোলজি বিভাগ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে উপাচার্য এসব বিভাগের একাডেমিক কার্যক্রম, চিকিৎসাসেবা ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করেন। একই সঙ্গে শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও শিক্ষার্থীদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন তিনি।

এ সময় শিক্ষক, চিকিৎসক, রেসিডেন্ট ও শিক্ষার্থীদের উপস্থিতি এবং ডিজিটাল হাজিরা ব্যবস্থার বিষয়েও খোঁজখবর নেওয়া হয়। বিভাগগুলোর শিক্ষা কার্যক্রম ও চিকিৎসাসেবার পরিবেশ সম্পর্কে সরেজমিনে অবহিত হন উপাচার্য।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. ইব্রাহিম সিদ্দিক, ইউরোলজি বিভাগের অধ্যাপক ও পরিচালক (পরিদর্শন) অধ্যাপক ডা. মোহাম্মদ রফিকূল ইসলাম, অধ্যাপক ডা. মো. আব্দুস সালাম, কোর্স ডাইরেক্টর, সার্জারি অনুষদ এবং উপাচার্যের একান্ত সচিব-১ অধ্যাপক ডা. মো. জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, বিভাগ ও অধিভুক্ত প্রতিষ্ঠানগুলোর একাডেমিক কার্যক্রম, চিকিৎসাসেবা, প্রশাসনিক ব্যবস্থাপনা এবং শিক্ষক-চিকিৎসক-শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন কার্যক্রম অব্যাহত থাকবে।