স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১৯ অক্টোবর ২০২৬, ০৫:০২ পি এম

মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান

ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জ: মানসিক স্বাস্থ্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বক্তারা।

বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস-২০২৬ উপলক্ষে সিরাজগঞ্জে আয়োজিত শোভাযাত্রা ও আলোচনা সভায় বক্তারা এ আহ্বান জানান।

বেসরকারি উন্নয়ন সংস্থা সাজেদা ফাউন্ডেশনের ‘অ্যান ইন্টিগ্রেটেড ইনক্লুসিভ রেজিলিয়েন্স মডেল’ প্রকল্পের উদ্যোগে সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের সিভিল সার্জন নুরুল আমিন। সাজেদা ফাউন্ডেশনের সাইকোলজিস্ট সাজ্জাত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত। এ সময় সাজেদা ফাউন্ডেশনের কাউন্সেলর হাফছা খাতুন, আব্বাস উদ্দিনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, মানসিক সুস্থতা মানুষের সামগ্রিক সুস্বাস্থ্যের গুরুত্বপূর্ণ অংশ। তাই মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহানুভূতিশীল আচরণ এবং প্রয়োজন অনুযায়ী পেশাদার মানসিক স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করতে হবে।

তারা আরও বলেন, মানসিক স্বাস্থ্যকে অবহেলা না করে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগে এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন। মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি নেতিবাচক দৃষ্টিভঙ্গি পরিহার করে তাঁদের পাশে দাঁড়াতে হবে এবং প্রয়োজনীয় চিকিৎসা ও পরামর্শ গ্রহণে সহযোগিতা করতে হবে।

বক্তারা আশা প্রকাশ করেন, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে এ ধরনের আয়োজন মানসিক স্বাস্থ্য নিয়ে প্রচলিত নেতিবাচক ধারণা দূর করতে এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা গ্রহণে মানুষকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এর আগে দিবসটি উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশগ্রহণকারীরা মানসিক স্বাস্থ্য সুরক্ষা এবং এ বিষয়ে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।