স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

শারমিন শাওন, নিজস্ব প্রতিবেদক
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৪ পি এম

বয়স বাড়ছে? ইতিবাচক থাকলেই মিলতে পারে দীর্ঘ জীবনের সুবিধা

ছবি : সংগৃহীত

বয়স বাড়াকে অনেকেই দুর্বলতা, অসুস্থতা বা সক্ষমতা কমে যাওয়ার সঙ্গে মিলিয়ে দেখেন। কিন্তু গবেষণা বলছে, বয়স নিয়ে নেতিবাচক ধারণা শুধু আত্মবিশ্বাসকেই প্রভাবিত করে না, শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

BBC Future-এর প্রতিবেদনে বলা হয়েছে, বয়স সম্পর্কে ইতিবাচক ধারণা থাকা ব্যক্তিরা নিজেদের তুলনামূলকভাবে কম বয়সী মনে করতে পারেন।

এমনকি একটি গবেষণায় দেখা গেছে, যাদের বয়স নিয়ে ইতিবাচক ধারণা ছিল, তারা নেতিবাচক ধারণার মানুষের তুলনায় গড়ে ৭ দশমিক ৫ বছর বেশি বেঁচেছিলেন। বিভিন্ন দেশেও পরবর্তী গবেষণায় এ ধরনের সম্পর্কের প্রমাণ পাওয়া গেছে।

বয়স নিয়ে নেতিবাচক ধারণা বা ‘এজিজম’ অনেক সময় মানুষ নিজের মধ্যেই ধারণ করে ফেলেন। এর ফলে নতুন কিছু শেখা, শারীরিকভাবে সক্রিয় থাকা কিংবা সামাজিক যোগাযোগের ক্ষেত্রে অনীহা তৈরি হতে পারে।এতে আত্মবিশ্বাস কমার পাশাপাশি বিষণ্নতা, উদ্বেগ, একাকিত্ব এবং শারীরিক সক্ষমতা কমে যাওয়ার ঝুঁকিও বাড়তে পারে।

অন্যদিকে, বয়স বাড়লেও নতুন দক্ষতা শেখা, নিয়মিত শারীরিক ও সামাজিকভাবে সক্রিয় থাকা এবং অন্য বয়সের মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখা ইতিবাচক বার্ধক্যে সহায়তা করতে পারে। গবেষণায় এমনও দেখা গেছে, নতুন দক্ষতা শেখার মতো মানসিকভাবে সক্রিয় কাজ বয়স্কদের স্মৃতিশক্তির জন্য উপকারী হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, বয়সকে শুধুই অবনতির সময় হিসেবে না দেখে জীবনের স্বাভাবিক ও গুরুত্বপূর্ণ একটি পর্যায় হিসেবে দেখা প্রয়োজন। নিজের বয়স নিয়ে নেতিবাচক ধারণাকে চ্যালেঞ্জ করা এবং সক্ষমতার সীমা শুধু বয়স দিয়ে নির্ধারণ না করাই হতে পারে সুস্থ ও সক্রিয়ভাবে বয়স বাড়ানোর গুরুত্বপূর্ণ অংশ।

 সূত্র: বিবিসি