স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

শারমিন শাওন, নিজস্ব প্রতিবেদক
  ৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পি এম

সানস্ক্রিন কেন জরুরি? ত্বকের সুরক্ষায় জেনে নিন সঠিক ব্যবহারের নিয়ম

ছবি : সংগৃহীত

তীব্র রোদে শুধু ত্বক কালচে হওয়া কারণ নয়, সূর্যের অতিবেগুনি রশ্মি বা UV রশ্মি ত্বকের ক্ষতি করতে পারে। দীর্ঘদিন অতিরিক্ত UV রশ্মির সংস্পর্শে থাকলে ত্বকে রোদে পোড়া, অকাল বার্ধক্যের ছাপ, কালচে দাগসহ দীর্ঘমেয়াদে ত্বকের ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে। তাই সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে ত্বক সুরক্ষায় সানস্ক্রিন গুরুত্বপূর্ণ।

 

কেমন সানস্ক্রিন ব্যবহার করবেন?

​​​​​​
দৈনন্দিন ব্যবহারের জন্য ব্রড-স্পেকট্রাম SPF 50+ এবং PA++++ সানস্ক্রিন বেছে নেওয়া যেতে পারে। SPF মূলত UVB রশ্মির বিরুদ্ধে সুরক্ষার মাত্রা নির্দেশ করে, আর PA রেটিং UVA রশ্মির বিরুদ্ধে সুরক্ষা বোঝায়।

কীভাবে ব্যবহার করবেন?

বাইরে যাওয়ার প্রায় ১৫ মিনিট আগে মুখ, কান, গলা, হাতসহ সূর্যের আলোতে উন্মুক্ত ত্বকে পর্যাপ্ত পরিমাণে সানস্ক্রিন লাগাতে হবে। দীর্ঘসময় বাইরে থাকলে, ঘামলে বা পানিতে ভিজলে পণ্যের নির্দেশনা অনুযায়ী পুনরায় সানস্ক্রিন ব্যবহার করা জরুরি।

শুধু সানস্ক্রিনই যথেষ্ট নয়

সূর্যের তীব্রতা বেশি থাকলে সম্ভব হলে ছায়ায় থাকা, ছাতা ব্যবহার করা এবং শরীর ঢেকে রাখে এমন পোশাক ও চওড়া কিনারার টুপি ব্যবহার করাও উপকারী। দিনের মাঝামাঝি সময়ে সরাসরি রোদ এড়িয়ে চললে UV রশ্মির সংস্পর্শ আরও কমানো যায়।

মনে রাখুন সানস্ক্রিন শুধু সৌন্দর্য রক্ষার জন্য নয় ত্বকের দীর্ঘমেয়াদি স্বাস্থ্য সুরক্ষার জন্যও গুরুত্বপূর্ণ।