স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ পি এম

২০২৭ সালের হজে নার্সিং কর্মকর্তা নিয়োগ, আবেদন শেষ হচ্ছে কাল ২টায়

ফাইল ছবি

ঢাকা: ২০২৭ সালের পবিত্র হজ পালনে সৌদি আরবে যাওয়া বাংলাদেশি হজযাত্রীদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে চিকিৎসক দলের সঙ্গে নার্সিং কর্মকর্তা নিয়োগের উদ্যোগ নিয়েছে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর। এ লক্ষ্যে যোগ্য ও আগ্রহী নার্সিং কর্মকর্তাদের কাছ থেকে আবেদন আহ্বান করা হয়েছে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের উপপরিচালক বদরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগ্রহী নার্সিং কর্মকর্তাদের আগামীকাল ১০ সেপ্টেম্বর ২০২৬ বিকেল ২টার মধ্যে আবেদনপত্র ই-মেইলের মাধ্যমে পাঠাতে হবে। আবেদন পাঠাতে হবে haj@dgnm.gov.bd ঠিকানায়।

আবেদনকারীদের সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।

এ ছাড়া যারা এর আগে হজের চিকিৎসক দলের সঙ্গে সৌদি আরবে গিয়েছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

নার্সিং কর্মকর্তা নিয়োগের পুরো প্রক্রিয়া ‘হজযাত্রী স্বাস্থ্য সেবা নীতিমালা-২০২৪’ অনুযায়ী সম্পন্ন করা হবে।

নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর, মহাখালী, ঢাকা থেকে প্রকাশিত বিজ্ঞপ্তির অনুলিপি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, সংশ্লিষ্ট অধিদপ্তর এবং অন্যান্য সরকারি দপ্তরে পাঠানো হয়েছে।

২০২৭ সালের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের সৌদি আরবে অবস্থানকালে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে নিয়োগপ্রাপ্ত নার্সিং কর্মকর্তারা চিকিৎসক দলের সঙ্গে দায়িত্ব পালন করবেন।