স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৬ এএম

‘চিকিৎসকের টেবিলে বই থাকা অগ্রহণযোগ্য’ মন্তব্যের প্রতিবাদে বিসিএস হেলথ ক্যাডারের ৫ দফা দাবি

ছবি: সংগৃহীত

ঢাকা: ভোলা সদর হাসপাতাল পরিদর্শনকালে আবাসিক চিকিৎসকের কক্ষে বই দেখে ‘বই পড়া গ্রহণযোগ্য নয়’, এমন মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন।

একই সঙ্গে ঘটনাটির প্রশাসনিক পর্যালোচনাসহ পাঁচ দফা দাবি জানিয়েছে সংগঠনটি।


সোমবার (৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের কাছে দেওয়া এক প্রতিবাদলিপিতে এসব দাবি জানানো হয়।

এতে স্বাক্ষর করেন বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সভাপতি ডা. মোহাম্মদ নেয়ামত হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মির্জা মুহাম্মদ তাইয়েবুল ইসলাম।

প্রতিবাদলিপিতে বলা হয়, স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব মো. আবদুল খালেক সম্প্রতি ভোলা সদর হাসপাতাল পরিদর্শনকালে আবাসিক চিকিৎসকের কক্ষে বই দেখে ‘বই পড়া গ্রহণযোগ্য নয়’ মর্মে মন্তব্য করেন।

এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়ে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন বলেছে, কর্মস্থলে চিকিৎসাবিষয়ক বই রাখা এবং প্রয়োজন অনুযায়ী সেগুলো অধ্যয়ন করা চিকিৎসকদের পেশাগত জ্ঞান, দক্ষতা ও চিকিৎসাসেবার মানোন্নয়নের স্বাভাবিক ও অপরিহার্য অংশ।

এ ধরনের মন্তব্য চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও জ্ঞানচর্চার প্রতি অসম্মানজনক এবং একই সঙ্গে চিকিৎসকদের জ্ঞানচর্চায় নিরুৎসাহিত করতে পারে বলে মনে করে সংগঠনটি।

ঘটনার বিষয়ে যথাযথ প্রশাসনিক পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি।

পাশাপাশি হাসপাতালের ক্লিনিক্যাল ও কারিগরি কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট পেশাগত যোগ্যতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতাসম্পন্ন কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার দাবি জানানো হয়েছে।

প্রতিবাদলিপিতে আরও বলা হয়, প্রয়োজনীয় পেশাগত যোগ্যতা ছাড়া নন-ক্যাডার থেকে পদোন্নতিপ্রাপ্ত সহকারী সচিব বা তদূর্ধ্ব প্রশাসনিক কর্মকর্তাদের স্বাস্থ্য প্রতিষ্ঠানের ক্লিনিক্যাল ও কারিগরি কার্যক্রম মূল্যায়নের দায়িত্ব দেওয়া থেকে বিরত থাকার বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা জারি করতে হবে।

এছাড়া স্বাস্থ্য প্রতিষ্ঠান পরিদর্শনের ক্ষেত্রে প্রশাসনিক এবং পেশাগত বা ক্লিনিক্যাল তদারকির সুনির্দিষ্ট এখতিয়ার ও দায়িত্ব বিভাজন নিশ্চিত করার দাবি জানিয়েছে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন।

সংগঠনটির সর্বশেষ দাবিটি হলো-চিকিৎসকদের পেশাগত জ্ঞানচর্চা, চিকিৎসাবিষয়ক বই ও রেফারেন্স ব্যবহারের বিষয়কে দায়িত্বে অবহেলার সঙ্গে সমার্থক করার প্রবণতা বন্ধে প্রয়োজনীয় নির্দেশনা জারি করা।

প্রতিবাদলিপিতে বিসিএস হেলথ ক্যাডার এসোসিয়েশন বলেছে, চিকিৎসকদের পেশাগত মর্যাদা ও জ্ঞানচর্চার অধিকার কোনোভাবেই প্রশাসনিক অসচেতনতার কারণে ক্ষুণ্ন হওয়া উচিত নয়।