স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

শারমিন শাওন, নিজস্ব প্রতিবেদক
  ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পি এম

সঙ্গীর নাক ডাকার কারণে ঘুম ভাঙছে? নীরবে ক্ষতি হতে পারে আপনার স্বাস্থ্যের

ছবি : সংগৃহীত

রাতে পাশে থাকা সঙ্গীর নাক ডাকার শব্দে বারবার ঘুম ভেঙে গেলে বিষয়টি শুধু বিরক্তির নয় এতে আপনার ঘুমের মান ও দৈনন্দিন সুস্থতাও ক্ষতিগ্রস্ত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন ধরে এমন ঘুমের ব্যাঘাত হলে ক্লান্তি, মনোযোগ কমে যাওয়া, স্মৃতিতে সমস্যা ও খিটখিটে মেজাজ দেখা দিতে পারে।

নাক ডাকার সময় ঘুমের মধ্যে শ্বাসনালির নরম টিস্যু কম্পিত হয়। যুক্তরাজ্যে প্রায় ৪০ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ নাক ডাকেন বলে ব্রিটিশ স্নোরিং অ্যান্ড স্লিপ অ্যাপনিয়া অ্যাসোসিয়েশনের তথ্য।

আবার যুক্তরাষ্ট্রের একটি জরিপে নাক ডাকা সঙ্গীর প্রায় ৭৫ শতাংশ জানিয়েছেন, এতে তাদের ঘুম কোনো না কোনোভাবে ব্যাহত হয়েছে।

ঘুমের বিভিন্ন ধাপ শরীর ও মস্তিষ্কের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে গভীর ঘুমে শরীর পুনরুদ্ধার হয় এবং REM ঘুমে মস্তিষ্ক দিনের তথ্য প্রক্রিয়াজাত করে।

সঙ্গীর নাক ডাকার কারণে বারবার ঘুম ভেঙে গেলে এসব গুরুত্বপূর্ণ ঘুমের ধাপ ব্যাহত হতে পারে। ফলে সকালে পর্যাপ্ত সময় ঘুমানোর পরও ক্লান্ত, ঝিমঝিম বা মনোযোগহীন লাগতে পারে।

ঘুমের ঘাটতি মানসিক চাপ সামলানোর ক্ষমতাতেও প্রভাব ফেলতে পারে। দিনের বেলায় খিটখিটে মেজাজ, বিরক্তি, মনোযোগের ঘাটতি এমনকি দাম্পত্য সম্পর্কে অস্বস্তিও তৈরি হতে পারে।

অনেক ক্ষেত্রে পর্যাপ্ত ঘুমের জন্য দম্পতিদের আলাদা ঘরেও ঘুমাতে হয়।
তবে নাক ডাকার বিষয়টি একেবারে অবহেলা করা উচিত নয়।

কারণ সাধারণ নাক ডাকার আড়ালে স্লিপ অ্যাপনিয়া থাকতে পারে। ঘুমের মধ্যে শ্বাস বারবার বন্ধ হয়ে যাওয়া ও আবার শুরু হওয়াকে স্লিপ অ্যাপনিয়া বলা হয়। এর লক্ষণের মধ্যে রয়েছে ঘুমের সময় শ্বাস বন্ধ হয়ে যাওয়া, হঠাৎ দম বন্ধ বা হাঁসফাঁস করে ওঠা, বারবার ঘুম ভেঙে যাওয়া এবং সকালে মাথাব্যথা।

এ ধরনের লক্ষণ থাকলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। প্রয়োজন অনুযায়ী ঘুমের পরীক্ষা বা বিশেষজ্ঞের মূল্যায়ন করা হতে পারে এবং কিছু ক্ষেত্রে CPAP-এর মতো চিকিৎসা দেওয়া হয়।

আর যদি এটি সাধারণ নাক ডাকা হয়, তাহলে ওজন নিয়ন্ত্রণ, ধূমপান বন্ধ করা, ঘুমের আগে অ্যালকোহল এড়িয়ে চলা এবং চিৎ হয়ে না শুয়ে কাত হয়ে ঘুমানোর মতো কিছু পরিবর্তন উপকারী হতে পারে।নাক বন্ধ থাকা বা অ্যালার্জির কারণ থাকলেও তার চিকিৎসা প্রয়োজন হতে পারে।

বিশেষজ্ঞদের মূল পরামর্শ—সঙ্গীর নাক ডাকার কারণে নিয়মিত ঘুম নষ্ট হলে বিষয়টিকে শুধু ‘বিরক্তিকর শব্দ’ হিসেবে না দেখে কারণটি খুঁজে বের করুন। প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ নিন। কারণ ভালো ঘুম শুধু আরামের বিষয় নয়, সুস্থ থাকারও গুরুত্বপূর্ণ অংশ।