স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৮ পি এম

ADHD-তে মনোযোগ বাড়াতে কাজে আসতে পারে ‘বডি ডাবলিং’

ছবি : সংগৃহীত

মনোযোগ ধরে রাখা, কাজ শুরু করা কিংবা কোনো কাজ শেষ করা অ্যাটেনশন ডেফিসিট হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার বা ADHD থাকা অনেকের জন্যই এসব কঠিন হয়ে উঠতে পারে।

তবে পাশে আরেকজন মানুষ থাকলে কাজের প্রতি মনোযোগ ও আগ্রহ বাড়তে পারে। বিশেষজ্ঞরা এই কৌশলকে বলছেন ‘বডি ডাবলিং’।


বডি ডাবলিং হলো এমন একটি পদ্ধতি, যেখানে একজন ব্যক্তি নিজের কাজ করার সময় পাশে অন্য একজনকে রাখেন। ওই ব্যক্তি একই কাজ করতেই হবে এমন নয়। মূল বিষয় হলো, অন্য একজনের উপস্থিতি কাজের প্রতি মনোযোগ ধরে রাখতে এক ধরনের বাহ্যিক প্রেরণা হিসেবে কাজ করে।


ADHD বিশেষজ্ঞদের মতে, যেসব কাজ করতে স্বাভাবিকভাবে আগ্রহ বা ভেতর থেকে তাগিদ কম থাকে, সেসব কাজ শুরু করাই অনেক সময় কঠিন হয়। পাশে কেউ থাকলে কাজটি করার জন্য এক ধরনের সামাজিক দায়বদ্ধতা তৈরি হয়।ফলে কাজ শুরু করা এবং তা চালিয়ে যাওয়ার সম্ভাবনা বাড়তে পারে।

শুধু অফিসের কাজ নয়, ঘরের কাজ, পড়াশোনা, কাগজপত্র গোছানো, ব্যায়াম কিংবা দীর্ঘদিন ধরে ফেলে রাখা কোনো কাজেও এই পদ্ধতি ব্যবহার করা যায়।

যেমন কেউ পড়াশোনা করার সময় তার বন্ধু পাশে বসে নিজের কাজ করতে পারেন। দুজনকে একই কাজ করতে হবে না।


তবে বডি ডাবল হিসেবে এমন কাউকে বেছে নেওয়া গুরুত্বপূর্ণ, যিনি সহযোগিতা করবেন কিন্তু অযথা গল্প বা অন্য কোনো কাজে মনোযোগ নষ্ট করবেন না। প্রয়োজন হলে নির্দিষ্ট সময় ঠিক করে কাজ করা এবং মাঝখানে ছোট বিরতি নেওয়া যেতে পারে।


সরাসরি কাউকে পাশে পাওয়া সম্ভব না হলে অনলাইনেও এই পদ্ধতি ব্যবহার করা যায়। ভিডিও কলের মাধ্যমে দুজন নিজ নিজ কাজ করতে পারেন। আবার লাইব্রেরি, কফিশপ বা কো-ওয়ার্কিং স্পেসে অন্য মানুষের উপস্থিতিও কারও কারও জন্য একই ধরনের মনোযোগ তৈরিতে সহায়ক হতে পারে।


বিশেষজ্ঞরা বলছেন, বডি ডাবলিং ADHD-এর চিকিৎসার বিকল্প নয়। এটি মূলত কাজ শুরু করা ও মনোযোগ ধরে রাখার একটি সহায়ক কৌশল। এ পদ্ধতি সবার ক্ষেত্রে একইভাবে কাজ নাও করতে পারে। তাই নিজের জন্য কোন পরিবেশ ও পদ্ধতি সবচেয়ে কার্যকর, তা খুঁজে নেওয়াই গুরুত্বপূর্ণ।
 

সূত্র: CNN