স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

শারমিন শাওন, নিজস্ব প্রতিবেদক
  ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৯ পি এম

দ্রুত পেশি বাড়াতে স্টেরয়েড ব্যবহার, হৃদ্‌যন্ত্রের ভয়াবহ ক্ষতির ঝুঁকি

ছবি : সংগৃহীত

পেশিবহুল শরীর গড়তে দ্রুত ফল পেতে অনেকেই জিমে কঠোর পরিশ্রমের পাশাপাশি ব্যবহার করেন অ্যানাবলিক স্টেরয়েড। কিন্তু পেশি বাড়ানোর এই শর্টকাট হৃদ্‌যন্ত্রের জন্য মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহার করলে হৃদ্‌পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যেতে পারে এবং কমে যেতে পারে রক্ত পাম্প করার ক্ষমতা। এমনকি হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে যাওয়ার ঝুঁকিও রয়েছে।

নরওয়ের ওসলো ইউনিভার্সিটি হাসপাতালের গবেষকদের দীর্ঘমেয়াদি পর্যবেক্ষণে এসব তথ্য উঠে এসেছে। গবেষণাটি প্রকাশিত হয়েছে European Heart Journal—Cardiovascular Imaging সাময়িকীতে।

স্টেরয়েড যেভাবে ক্ষতি করে হৃদ্‌যন্ত্রের

অ্যানাবলিক-অ্যান্ড্রোজেনিক স্টেরয়েড (এএএস) এমন একধরনের ওষুধ, যা পেশির বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। তবে শরীর গঠন বা শারীরিক সক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিতে পারে।

হৃদ্‌যন্ত্রের বাম নিলয় সারা শরীরে রক্ত পাম্প করার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহারের ফলে এই অংশের পেশি অস্বাভাবিকভাবে পুরু হয়ে যেতে পারে। এতে হৃদ্‌যন্ত্রের সংকোচন ও প্রসারণের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হয়। ফলে হৃদ্‌যন্ত্র পর্যাপ্ত রক্ত পাম্প করতে এবং পরবর্তী স্পন্দনের আগে রক্ত দিয়ে পূর্ণ হতে সমস্যায় পড়ে।

গবেষকেরা দেখেছেন, স্টেরয়েড ব্যবহার অব্যাহত রাখা পুরুষদের প্রায় ১৭ শতাংশের হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা মারাত্মকভাবে কমে গিয়েছিল। এমনকি স্টেরয়েডের মাত্রা কমিয়ে ব্যবহার চালিয়ে গেলেও হৃদ্‌যন্ত্রের ক্ষতি কমার সুস্পষ্ট প্রমাণ পাওয়া যায়নি।

শুধু হৃদ্‌যন্ত্র নয়, ক্ষতি হতে পারে আরও

স্টেরয়েডের অনিয়ন্ত্রিত ব্যবহারে শরীরের বিভিন্ন অঙ্গ ও স্বাভাবিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হতে পারে। এর মধ্যে রয়েছে উচ্চ রক্তচাপ, হরমোনের ভারসাম্যহীনতা, যকৃতের ক্ষতি এবং স্টেরয়েডের ওপর নির্ভরশীলতা। এসব ঝুঁকি ওষুধের ধরন, মাত্রা, ব্যবহারের সময়কাল ও ব্যক্তির শারীরিক অবস্থার ওপর নির্ভর করে।

স্টেরয়েড বন্ধ করলে কি সুস্থ হওয়া সম্ভব?

গবেষণায় স্টেরয়েড ব্যবহার বন্ধ করা ১৫ জন পুরুষের হৃদ্‌যন্ত্রের অবস্থার উন্নতি দেখা গেছে। তাঁদের হৃদ্‌পেশির পুরুত্ব গড়ে ১৯ শতাংশ কমেছে। একই সঙ্গে হৃদ্‌যন্ত্রের বাম নিলয়ের রক্ত পাম্প করার ক্ষমতা ৪৮ শতাংশ থেকে বেড়ে ৫৪ শতাংশ হয়েছে।

তবে স্টেরয়েড ব্যবহার না করা ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ৬০ শতাংশ। অর্থাৎ, ব্যবহার বন্ধ করার পর উন্নতি হলেও হৃদ্‌যন্ত্রের কার্যক্ষমতা পুরোপুরি স্বাভাবিক পর্যায়ে ফিরে আসেনি। গবেষকেরা আরও দেখেছেন, উচ্চ রক্তচাপের চিকিৎসা নেওয়া ব্যক্তিদের হৃদ্‌যন্ত্রের রক্ত পাম্প করার ক্ষমতা উন্নত হয়েছে।

কী করবেন?

শুধু পেশি বাড়ানোর জন্য চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যানাবলিক স্টেরয়েড ব্যবহার করা উচিত নয়। ইতিমধ্যে ব্যবহার করলে চিকিৎসকের পরামর্শ নিয়ে তা বন্ধ করার পরিকল্পনা করতে হবে। প্রয়োজন অনুযায়ী রক্তচাপ, যকৃতের কার্যক্ষমতা ও হৃদ্‌যন্ত্র পরীক্ষা করানো জরুরি।

বুকব্যথা, অস্বাভাবিক শ্বাসকষ্ট বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসা নিতে হবে। তীব্র বুকব্যথা বা শ্বাসকষ্ট হলে জরুরি বিভাগে যেতে হবে।

 দ্রুত পেশি গড়ার জন্য স্টেরয়েড ব্যবহার করলে হৃদ্‌যন্ত্রের গুরুতর ক্ষতির ঝুঁকি বাড়তে পারে। নিরাপদ উপায়ে পেশি বাড়াতে সঠিক ব্যায়াম, সুষম খাবার ও পর্যাপ্ত বিশ্রামের ওপর গুরুত্ব দেওয়া প্রয়োজন।