স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৯ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পি এম

চিকিৎসকদের মানবিকতা ও নৈতিকতা চর্চায় মহানবীর আদর্শ অনুসরণের তাগিদ

ছবি: সংগৃহীত

ঢাকা: চিকিৎসাসেবায় নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সময়ানুবর্তিতা চর্চার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ অনুসরণের ওপর গুরুত্বারোপ করেছেন বিশিষ্টজনরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের নতুন অডিটোরিয়ামে আয়োজিত এক সীরাত সেমিনারে বক্তারা এ আহ্বান জানান।

সেমিনারে প্রধান আলোচক আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ সুশৃঙ্খল জীবনযাপন, সময়ের সঠিক ব্যবহার ও আত্মোন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

তিনি রাতে দ্রুত ঘুমানো, ফজরের সময় জেগে ওঠা এবং নিয়মিত হাঁটাচলার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন।

প্রশ্নোত্তর পর্বে চিকিৎসাপেশা, ক্যারিয়ার ও চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন ফিকহি বিষয়েও আলোচনা করেন তিনি।

বিশেষ আলোচক ধানমন্ডির মসজিদ-উত-তাকওয়ার খতিব শায়খ মুফতি সাইফুল ইসলাম তরুণ প্রজন্মের আদর্শ নির্ধারণে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অনুসরণের গুরুত্ব তুলে ধরেন।

তিনি সাময়িক মোহের পরিবর্তে জীবনের প্রতিটি ক্ষেত্রে রাসুলুল্লাহ (সা.)-কে আদর্শ হিসেবে গ্রহণের আহ্বান জানান।

উদ্বোধনী বক্তব্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ ও সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটির সভাপতি ডা. মো. আইনুল ইসলাম খান কলেজের নিয়মিত একাডেমিক ক্যালেন্ডারে সীরাত সেমিনার অন্তর্ভুক্ত করে আয়োজনের ঘোষণা দেন।

একই সঙ্গে মহানবী (সা.)-এর জীবনাদর্শ অধ্যয়ন ও অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

প্রধান অতিথির বক্তব্যে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মির্জা গোলাম সারওয়ার মুন বলেন, সীরাত থেকে অর্জিত বিনয়, ধৈর্য ও সহনশীলতার শিক্ষা হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বিশেষ অতিথি ও সিকেডি হাসপাতালের কিডনি ও ইউরোলজি বিশেষজ্ঞ ডা. মো. কামরুল ইসলাম সীমিত সম্পদের মধ্যেও সন্তুষ্ট থাকা, অর্থের প্রতি অতিরিক্ত আসক্তি পরিহার এবং জ্ঞান ও দক্ষতার মাধ্যমে মানবিক চিকিৎসাসেবা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন।

সেমিনারে কলেজের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠান শেষে সীরাত সেমিনার বাস্তবায়ন কমিটির উদ্যোগে আমন্ত্রিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।