স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
বিশ্ব সজোগ্রেন দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)-এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ সজোগ্রেন সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং রোগটি সম্পর্কে সঠিক ধারণা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের রিউমাটোলজি বিভাগের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিশ্ববিদ্যালয়ের বি ব্লকের সামনে থেকে র্যালিটির উদ্বোধন করেন বিএমইউর উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার। পরে র্যালিটি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালিতে রিউমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবু শাহীন, অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, অধ্যাপক ডা. মিনহাজ রহিম চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ আরিফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ শোয়েব মোমেন মজুমদারসহ বিভাগের ফ্যাকাল্টি সদস্য, চিকিৎসক, রেসিডেন্ট চিকিৎসক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
আয়োজকরা জানান, সজোগ্রেন একটি দীর্ঘস্থায়ী অটোইমিউন রোগ, যেখানে শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুলবশত নিজের লালা ও অশ্রু উৎপাদনকারী গ্রন্থিগুলোকে আক্রমণ করে। ফলে রোগীর তীব্র শুষ্ক চোখ ও শুষ্ক মুখের সমস্যা দেখা দেয়। অনেক ক্ষেত্রে এ রোগ শরীরের অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গকেও প্রভাবিত করতে পারে।
বিশেষজ্ঞদের মতে, রোগটি সাধারণত ৪০ বছরের বেশি বয়সী নারীদের মধ্যে বেশি দেখা যায়। তবে সময়মতো রোগ শনাক্ত ও যথাযথ চিকিৎসা গ্রহণ করলে রোগের জটিলতা অনেকাংশে নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
বিশ্ব সজোগ্রেন দিবস উপলক্ষে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে রোগটি সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, দ্রুত শনাক্তকরণ এবং চিকিৎসা গ্রহণে মানুষকে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়।