স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২ জুলাই ২০২৬, ০২:৫০ পি এম

পাইকগাছায় বিনামূল্যে দু’শতাধিক রোগী’র ছানী অপারেশন

ছবি: সংগৃহীত

খুলনার পাইকগাছায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা ও চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ ক্যাম্পে প্রায় দুই হাজার রোগীর চোখ পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এর মধ্যে ২ শতাধিক রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয়েছে। এছাড়া অন্যান্য রোগীদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র, ওষুধ ও চশমা প্রদান করা হয়।

রোটারি ক্লাবের সহযোগিতায় খুলনার বিএনএসবি চক্ষু হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দল এবং ফ্রেড হলোস ফাউন্ডেশনের উদ্যোগে এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়।

চিকিৎসা ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব মিডটাউনের সভাপতি সোহাগ মিনা। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এস এম মনিরুল হাসান বাপ্পী।

প্রধান অতিথির বক্তব্যে এস এম মনিরুল হাসান বাপ্পী বলেন, আধুনিক চিকিৎসাসেবা থেকে বঞ্চিত অসহায় ও স্বল্প আয়ের মানুষের জন্যই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। অর্থের অভাবে যারা চিকিৎসা করাতে পারেন না, তাদের কাছে প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য। তিনি বলেন, মানবতার কল্যাণে রোটারি ক্লাব, বিশেষজ্ঞ চিকিৎসক ও সংশ্লিষ্টদের এ উদ্যোগ প্রশংসনীয়।

তিনি আরও বলেন, বিএনপি সবসময় মানবকল্যাণে কাজ করে আসছে। আধুনিক চিকিৎসাসেবার সুবিধাবঞ্চিত ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিনামূল্যে এ চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম শামীম কবির, সাবেক যুগ্ম আহ্বায়ক আশরাফুল আলম নান্নু, পাইকগাছা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এস এম এনামুল হক, জেলা বিএনপির সদস্য শাহাদাৎ হোসেন ডাবলু, জিএম রফিকুল হাসান ও বদরুদ্দোজা বাবলুসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, কৃষক দল, জাসাস এবং বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।