স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
দেশের বাজারে বিক্রি হওয়া অধিকাংশ টুথপেস্টে ‘ক্ষতিকর’ মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির অভিযোগ তদন্তে তিন সদস্যের বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে কমিটিকে ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করতে বলা হয়েছে।
মঙ্গলবার এ-সংক্রান্ত এক রিটের শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। পাশাপাশি বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি রুলও জারি করা হয়েছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, তদন্ত কমিটিতে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ বিজ্ঞান গবেষণাগার (সায়েন্স ল্যাবরেটরি) এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)-এর একজন করে বিশেষজ্ঞকে অন্তর্ভুক্ত করতে হবে।
আদালতে রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবদুল্লাহ আল মামুন। তিনি নিজেই রিটটি দায়ের করেন।
রিট আবেদনের পটভূমিতে পরিবেশ ও সামাজিক উন্নয়ন সংস্থা (ইএসডিও)-এর সাম্প্রতিক এক গবেষণার তথ্য তুলে ধরা হয়। গবেষণায় দেশের বাজারে বিক্রি হওয়া ১৯টি ব্র্যান্ডের ৩৪টি টুথপেস্টের নমুনা পরীক্ষা করা হয়।
ইএসডিওর গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পরীক্ষায় ৩৪টি নমুনার মধ্যে ২৬টিতে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি পাওয়া গেছে, যা মোট নমুনার প্রায় ৭৬ দশমিক ৫ শতাংশ। এ তথ্য প্রকাশের পর ভোক্তাদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয় এবং বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও ওঠে।
হাইকোর্টের আদেশের পর এখন বিশেষজ্ঞ কমিটি অভিযোগের সত্যতা, টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতির মাত্রা, সম্ভাব্য স্বাস্থ্যঝুঁকি এবং সংশ্লিষ্ট মান নিয়ন্ত্রণ ব্যবস্থার কার্যকারিতা যাচাই করে আগামী ১৫ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।