স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
হাম ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা এবং এইচপিভি ও হামের টিকাদান কর্মসূচি আরও গতিশীল করার লক্ষ্যে ফেনী জেলা স্বাস্থ্য বিভাগের মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) ফেনী সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ফেনীর সিভিল সার্জন ডা. এ.এস.এম. সোহরাব আল হোসাইন। এতে উপস্থিত ছিলেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনীর তত্ত্বাবধায়ক ডা. মোবারক হোসেন দুলাল, জেলার বিভিন্ন উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, আইসিডিডিআর,বি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার, রোগ নিয়ন্ত্রণ কর্মকর্তা, নার্সিং সুপারভাইজার, পরিসংখ্যানবিদ, এমটি (ইপিআই), স্বাস্থ্য পরিদর্শক এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।
সভায় ২৫০ শয্যা জেনারেল হাসপাতালসহ জেলার সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাঠপর্যায়ের স্বাস্থ্য কার্যক্রমের সার্বিক অগ্রগতি পর্যালোচনা করা হয়। এ সময় হাম ও ডেঙ্গু প্রতিরোধে প্রয়োজনীয় প্রস্তুতি জোরদার, এইচপিভি টিকাদান কর্মসূচির অগ্রগতি এবং হামের টিকাদান কার্যক্রম আরও বেগবান করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন সিভিল সার্জন।
সভায় জনস্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার মানোন্নয়নে সংশ্লিষ্ট সব দপ্তর ও উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।