স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ডেঙ্গু প্রতিরোধ এবং হাসপাতাল চত্বরকে এডিস মশার প্রজননমুক্ত রাখতে ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শনিবার পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ অভিযানে হাসপাতাল চত্বরে সম্ভাব্য এডিস মশার প্রজননস্থল শনাক্ত করে তা পরিষ্কার করা হয়। একই সঙ্গে জমে থাকা পানি অপসারণ, পরিত্যক্ত পাত্র ও আবর্জনা পরিষ্কার এবং পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার বিষয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।
অভিযানে উপস্থিত থেকে সার্বিক তত্ত্বাবধান করেন হাসপাতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ও সহকারী অধ্যাপক (ইএনটি, ইন-সিটু) ডা. মোহাম্মদ মোবারক হোসেন, কনসালট্যান্ট (অ্যানেস্থেসিয়া) ডা. মো. কামরুজ্জামান জিকু এবং রেসিডেন্ট মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. রোকন উদ দৌলা।
এ সময় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীরা সক্রিয়ভাবে অংশ নেন। তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু হাসপাতাল নয়, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, অফিস-আদালতসহ সর্বত্র পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু নিয়ন্ত্রণের সবচেয়ে কার্যকর উপায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।