স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ১২ জুলাই ২০২৬, ১১:১৮ পি এম

বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে ফেনীতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি এবং সুধীজন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে অনুষ্ঠিত আলোচনা সভায় তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব, জনস্বাস্থ্যের ওপর এর নেতিবাচক প্রভাব এবং তামাক নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের গুরুত্ব নিয়ে মতবিনিময় করা হয়।

আলোচনা সভায় অংশগ্রহণ করেন ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল, ফেনীর সম্মানিত তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মোহাম্মদ মোবারক হোসেন। তিনি তামাকের ব্যবহার কমাতে জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের তামাক ও নিকোটিনের আসক্তি থেকে দূরে রাখা এবং স্বাস্থ্যকর জীবনধারা গড়ে তুলতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

এবারের বিশ্ব তামাকমুক্ত দিবসের প্রতিপাদ্য ছিল— "পণ্যের মুখোশ উন্মোচন করি, তামাক ও নিকোটিনের আসক্তি প্রতিরোধ করি।"

অনুষ্ঠানে বক্তারা তামাকমুক্ত, সুস্থ ও নিরাপদ সমাজ গঠনে সরকারের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে সচেতন ও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।