স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) সেবা এবং ইনফেকশন প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল (আইপিসি) কার্যক্রম আরও শক্তিশালী করতে জাপানের ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকীর কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএমইউ হাসপাতালের আইসিইউ ব্যবস্থাপনার উন্নয়ন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ (আইপিসি), চিকিৎসাসেবার মানোন্নয়ন, জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উভয় পক্ষ স্বাস্থ্যসেবার গুণগত মান বৃদ্ধিতে পারস্পরিক সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করে।
এ সময় উপস্থিত ছিলেন বিএমইউর উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং অ্যানেসথেশিয়া, অ্যানালজেশিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল, রিজিওনাল অ্যানেসথেশিয়া ও পেইন মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. একেএম আখতারুজ্জামান, বিএমইউর অ্যানেসথেশিয়া বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আমিরুল ইসলাম এবং জাপানের ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের সহযোগী অধ্যাপক আনোয়ারুল হক।
জাপানের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ইন্টারন্যাশাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের নারিটা ক্যাম্পাসের অধ্যাপক কাত।
বৈঠকে উভয় প্রতিষ্ঠানের মধ্যে গবেষণা, দক্ষ জনবল উন্নয়ন, প্রশিক্ষণ এবং আধুনিক স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনায় যৌথ উদ্যোগ গ্রহণের সম্ভাবনাও গুরুত্বের সঙ্গে আলোচিত হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এ ধরনের আন্তর্জাতিক সহযোগিতা বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা, শিক্ষা ও গবেষণার মান আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।