স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ১২ জুলাই ২০২৬, ১০:৩৪ পি এম

চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণে নিউরোসায়েন্সেস হাসপাতালে সংস্কৃতি প্রতিমন্ত্রী, সন্তোষ প্রকাশ

ছবি: সংগৃহীত

দেশের বিশেষায়িত নিউরোলজি ও নিউরোসার্জারি চিকিৎসাসেবা আরও উন্নত করতে এবং চিকিৎসাসেবার মান পর্যবেক্ষণের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল পরিদর্শন করেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম

রোববার (১২ জুলাই) হাসপাতাল পরিদর্শনে পৌঁছালে মাননীয় প্রতিমন্ত্রীকে আন্তরিকভাবে স্বাগত জানান প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ নুরুজ্জামান খান

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী হাসপাতালের স্ট্রোক ইউনিট, বিভিন্ন বিশেষায়িত চিকিৎসা বিভাগ এবং রোগীদের জন্য পরিচালিত আধুনিক চিকিৎসাসেবা কার্যক্রম ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সঙ্গে মতবিনিময় করেন।

মাননীয় প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের জন্য উন্নত স্বাস্থ্যসেবা, বিশেষায়িত নিউরো চিকিৎসা এবং স্ট্রোক চিকিৎসার মানোন্নয়নে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি জটিল নিউরোলজিক্যাল রোগের চিকিৎসায় হাসপাতালটির অবদান এবং চিকিৎসকদের আন্তরিক সেবার ভূয়সী প্রশংসা করেন।

তিনি আরও বলেন, সরকারের লক্ষ্য হলো জনগণের দোরগোড়ায় মানসম্মত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা। সে লক্ষ্য বাস্তবায়নে দেশের বিশেষায়িত হাসপাতালগুলোর সক্ষমতা বৃদ্ধি, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করতে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে প্রতিমন্ত্রী চিকিৎসাসেবার মান আরও উন্নত করতে সংশ্লিষ্টদের আন্তরিকতার সঙ্গে কাজ করে যাওয়ার আহ্বান জানান।