স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৬ পি এম

শনিবারে সরকারি কর্মচারী হাসপাতালে নতুন রোগীর অনলাইন রেজিস্ট্রেশন সাময়িক স্থগিত

ছবি: সংগৃহীত

ঢাকা: রোগীদের ভোগান্তি কমানো এবং দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সরকারি কর্মচারী হাসপাতালে প্রতি শনিবার নতুন আগত রোগীদের অনলাইন রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বুধবার হাসপাতালের প্রশাসন-১ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়েছে, সপ্তাহের প্রতি শনিবার সরকারি কর্মচারী হাসপাতালে নতুন রোগীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। অতিরিক্ত রোগীর চাপের কারণে হাসপাতালের অনলাইন রেজিস্ট্রেশন সিস্টেমে চাপ সৃষ্টি হয় এবং সার্ভারের কার্যক্রম ধীরগতিসম্পন্ন হয়ে পড়ে।

এর ফলে অনলাইন রেজিস্ট্রেশন সম্পন্ন করতে আসা রোগীদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় এবং তাদের মূল্যবান সময় নষ্ট হয়। রোগীদের এ ধরনের সাময়িক ভোগান্তি কমানো এবং দ্রুততম সময়ে চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যেই প্রতি শনিবার নতুন রোগীদের অনলাইন রেজিস্ট্রেশন সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, রেজিস্ট্রেশন কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর করার পাশাপাশি সার্বিক চিকিৎসাসেবার মান উন্নয়নের লক্ষ্যে শিগগিরই নতুন একটি অনলাইন সিস্টেম চালু করা হবে।

নতুন অনলাইন ব্যবস্থা চালু হলে রোগীদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া আরও সহজ হবে এবং সার্ভারের ওপর অতিরিক্ত চাপ কমিয়ে দ্রুত সেবা নিশ্চিত করা সম্ভব হবে বলে আশা করছে হাসপাতাল কর্তৃপক্ষ।

এ বিষয়ে জারি করা অফিস আদেশে সরকারি কর্মচারী হাসপাতালের পরিচালক (প্রশাসন) মো. নবীনেওয়াজ স্বাক্ষর করেছেন।