স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ৩১ অগাস্ট ২০২৬, ০৫:১৫ এএম

স্বাস্থ্য খাতে ৪৫ হাজার ১১১ নতুন পদ সৃষ্টির উদ্যোগ, সভা আজ

ফাইল ছবি

ঢাকা: দেশের স্বাস্থ্য খাতে বড় ধরনের জনবল নিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে। ইউনিয়ন, ওয়ার্ড ও সিটি কর্পোরেশনভিত্তিক ‘স্বাস্থ্য কেন্দ্র/হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার’-এর জন্য ৪৫ হাজার ১১১টি ‘স্বাস্থ্য কর্মী/হেলথ ওয়েলবিয়িং ওয়ার্কার’ পদ সৃষ্টির বিষয়ে গুরুত্বপূর্ণ সভা ডেকেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ।

নতুন এসব পদ সৃষ্টির বিষয়টি নিয়ে আগামীকাল সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের সভাপতিত্বে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।

স্বাস্থ্য সেবা বিভাগ থেকে গতকাল রবিবার ( ৩০ আগস্ট) জারি করা এক স্মারক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

নোটিস অনুযায়ী, আগামীকাল সোমবার বেলা ১২টায় বাংলাদেশ সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। সভার স্থান নির্ধারণ করা হয়েছে ভবন নম্বর-৩-এর চতুর্থ তলার কক্ষ নম্বর-৩০২।

সভায় ইউনিয়ন ও ওয়ার্ডভিত্তিক এবং সিটি কর্পোরেশন এলাকার ওয়ার্ডভিত্তিক ‘স্বাস্থ্য কেন্দ্র/হেলথ অ্যান্ড ওয়েলবিয়িং সেন্টার’-এর জন্য ৪৫ হাজার ১১১টি ‘স্বাস্থ্য কর্মী/হেলথ ওয়েলবিয়িং ওয়ার্কার’ পদ সৃষ্টির প্রয়োজনীয়তা, কাঠামো এবং সংশ্লিষ্ট প্রশাসনিক বিষয়গুলো নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

স্বাস্থ্য খাতে বিপুলসংখ্যক নতুন পদ সৃষ্টির এ উদ্যোগ চাকরিপ্রত্যাশীদের মধ্যে আগ্রহ তৈরি করেছে। তবে সভায় পদ সৃষ্টির বিষয়ে আলোচনা হলেও নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ বা নিয়োগ প্রক্রিয়া শুরুর বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

সভায় স্বাস্থ্য সেবা বিভাগের প্রশাসন অনুবিভাগের অতিরিক্ত সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য সেবা বিভাগের পারসোনেল অনুবিভাগ ও প্রশাসন অনুবিভাগের যুগ্মসচিব, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এবং স্বাস্থ্য সেবা বিভাগের সংশ্লিষ্ট সিনিয়র কর্মকর্তাদের উপস্থিত থাকার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদের স্বাক্ষরিত স্মারক নোটিসে সভা আয়োজনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।