স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৯ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ পি এম

হবিগঞ্জ সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ডিউটিতে অনুপস্থিত ফার্মাসিস্টকে বদলির নির্দেশ

ফাইল ছবি

হবিগঞ্জ: হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। পরিদর্শনকালে দায়িত্বে অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।

শনিবার (২৯ আগস্ট) দুপুরে হাসপাতাল পরিদর্শনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী সার্জারি বিভাগ, বহির্বিভাগসহ হাসপাতালের বিভিন্ন ইউনিট ঘুরে দেখেন। এ সময় তিনি রোগীদের চিকিৎসাসেবা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতি এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনকালে হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, দেশের অন্যান্য জেলার হাসপাতালের তুলনায় হবিগঞ্জ সদর হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার অবস্থা সন্তোষজনক নয়। হাসপাতালকে পরিচ্ছন্ন ও রোগীবান্ধব পরিবেশে রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হওয়ার নির্দেশ দেন তিনি।

এ সময় হাসপাতালের বিভিন্ন বিভাগে কর্মরত চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের উপস্থিতির বিষয়টিও খতিয়ে দেখেন মন্ত্রী। দায়িত্ব পালনের সময় অনুপস্থিত থাকায় রিগান হোসেন নামে এক ফার্মাসিস্টকে তাৎক্ষণিক বদলির নির্দেশ দেন তিনি।

পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী রোগীদের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসাসেবা ও হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে মতামত নেন। মন্ত্রীকে কাছে পেয়ে রোগীরাও হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা ও সেবার মান নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তাদের অভিযোগ মনোযোগ দিয়ে শোনার পর সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন তিনি।

এদিকে, হাম প্রতিরোধে আগামী কয়েক সপ্তাহের মধ্যে সারাদেশে আবারও টিকাদান ক্যাম্পেইন পরিচালনা করা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, শিশুদের হাম প্রতিরোধী টিকার আওতায় আনতে কার্যকর উদ্যোগ নিতে হবে এবং এ বিষয়ে অভিভাবকদের মধ্যে সচেতনতা বাড়ানো জরুরি।

তিনি আরও বলেন, হাম প্রতিরোধে মায়েদের সচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের শালদুধ খাওয়ানো নিশ্চিত করতে হবে। শিশুদের যথাসময়ে প্রয়োজনীয় টিকা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা করা যাবে না। এ বিষয়ে অভিভাবকদের সচেতন হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালগুলোতে রোগীদের কাঙ্ক্ষিত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসক, নার্স, ফার্মাসিস্টসহ সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। দায়িত্ব পালনে অবহেলা বা অনিয়মের ক্ষেত্রে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি ইঙ্গিত দেন।

পরিদর্শনকালে হবিগঞ্জ জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ, হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিব, ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আমিনুল হক সরকারসহ জেলা স্বাস্থ্য বিভাগের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।