স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

নিজস্ব প্রতিবেদক
  ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩১ পি এম

লক্ষ্মীপুরে দুই নারী জনস্বাস্থ্য প্রকৌশলীর বিরুদ্ধে বিস্তর অভিযোগ, একজন ওএসডি, আরেকজনকে বদলি

ফাইল ছবি

ঢাকা: জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের লক্ষ্মীপুর সদর উপজেলায় কর্মরত সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মিস ফাহমেদা-তুজ-জোহরাকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় বদলি করা হয়েছে।

একই সময়ে লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তারকে ওএসডি করে প্রধান কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়ার পর ফাহমেদা-তুজ-জোহরাকে নিয়েও বিভিন্ন অভিযোগ ও তাকে স্ট্যান্ড রিলিজের দাবি উঠেছে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আব্দুল কাইয়ুম স্বাক্ষরিত ২৪ আগস্ট  এক অফিস আদেশে ফাহমেদা-তুজ-জোহরার বদলির বিষয়টি জানানো হয়।

আদেশ অনুযায়ী, তিনি লক্ষ্মীপুর সদর উপজেলায় সহকারী প্রকৌশলী (সা.কা.) পদ থেকে নোয়াখালীর সেনবাগ উপজেলায় সহকারী প্রকৌশলী পদে বদলি হয়ে দায়িত্ব পালন করবেন। তাকে আগামী ২৮ আগস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৯ আগস্ট অপরাহ্নে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিকভাবে অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য হবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে।

এদিকে লক্ষ্মীপুরের নির্বাহী প্রকৌশলী বিলকিস আক্তারের বিরুদ্ধে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের টেন্ডারে কারসাজি এবং অবৈধভাবে কোটি কোটি টাকা বাণিজ্যের অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা চলছে।

অভিযোগগুলো নিয়ে বিভিন্ন গোয়েন্দা সংস্থা তদন্ত করেছে এবং তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে দাবি করা হলেও এ বিষয়ে সংশ্লিষ্ট তদন্ত সংস্থা বা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

অভিযোগের পর বিলকিস আক্তারকে ওএসডি করে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রধান কার্যালয়ে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তাকে নির্ধারিত সময়ের মধ্যে যোগদান করতে বলা হয়েছে; অন্যথায় স্ট্যান্ড রিলিজের বিধান রয়েছে।

অন্যদিকে, ফাহমেদা-তুজ-জোহরাকে ঘিরেও বিভিন্ন অনিয়ম ও প্রকল্পের অর্থ নিয়ে অভিযোগ তুলেছেন স্থানীয় কিছু মানুষ ও ঠিকাদার। অভিযোগকারীদের দাবি, তার বিরুদ্ধে ওঠা অভিযোগও তদন্তের আওতায় আনা প্রয়োজন। তবে এসব অভিযোগের স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি এবং অভিযুক্ত কর্মকর্তার বক্তব্যও পাওয়া যায়নি।

অভিযোগকারীদের কেউ কেউ দাবি করছেন, লক্ষ্মীপুর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে অনিয়ম-দুর্নীতির অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে বদলির মাধ্যমে সমস্যার সমাধান হবে না।

তারা বিলকিস আক্তার ও ফাহমেদা-তুজ-জোহরার বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য দুর্নীতি দমন কমিশনের (দুদক) হস্তক্ষেপ কামনা করেছেন।

এদিকে ফাহমেদা-তুজ-জোহরার বদলি আদেশে লক্ষ্মীপুর সদর উপজেলার সহকারী প্রকৌশলীর চলতি দায়িত্ব সাময়িকভাবে লক্ষ্মীপুর জেলা সরকারি মিলের পাশে নবনির্মিত সদর উপজেলা কমপ্লেক্সে কর্মরত একজন উপ-সহকারী প্রকৌশলীকে অতিরিক্ত দায়িত্ব হিসেবে পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আদেশে উল্লেখ করা হয়েছে।