স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
নওগাঁ সদর হাসপাতালে সরকারি স্যালাইন মজুত থাকার পরও রোগীদের বাইরে থেকে স্যালাইন কিনতে বাধ্য করার অভিযোগের সত্যতা পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
রবিবার সকালে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ অনিয়মের প্রমাণ পান।
পরিদর্শনকালে এক রোগীকে বাইরে থেকে কেনা স্যালাইনের ২০০ টাকা ফেরত দেন মন্ত্রী। একই সঙ্গে ঘটনায় জড়িত এক নার্সের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তিনি।
হাসপাতাল পরিদর্শনের সময় মন্ত্রী বিভিন্ন ওয়ার্ড, ফার্মেসি, রান্নাঘর ও শৌচাগার ঘুরে দেখেন। তিনি চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজ নেন।
এ সময় কর্মস্থলে অনুপস্থিত থাকায় চিকিৎসক দ্বীন মোহাম্মদ সোহেলের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নিতে সিভিল সার্জনকে নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
পরিদর্শন শেষে সাংবাদিকদের স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালে পর্যাপ্ত সরকারি ওষুধ ও স্যালাইন মজুত থাকা সত্ত্বেও রোগীদের বাইরে থেকে তা কিনতে বলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
বেসরকারি চিকিৎসাসেবা প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে দেশে লাইসেন্সবিহীন ও অবৈধ প্রাইভেট ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের সংখ্যা ব্যাপকভাবে বেড়েছে। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকেই এসব অবৈধ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। দেশব্যাপী নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে এবং অনিয়মের প্রমাণ পাওয়া গেলে জরিমানার পাশাপাশি প্রতিষ্ঠান সিলগালা করা হচ্ছে।
তিনি আরও জানান, জেলা হাসপাতাল ও মেডিকেল কলেজগুলোতে ডায়ালাইসিস সুবিধা সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ কার্যক্রম দ্রুত বাস্তবায়নে টেন্ডার প্রক্রিয়াও শুরু হয়েছে।
স্বাস্থ্যমন্ত্রীর আকস্মিক পরিদর্শনের খবর পেয়ে হাসপাতালে উপস্থিত হন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু, জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান ও সিভিল সার্জন ডা. মো. আমিনুল ইসলাম। এ সময় তাদের সঙ্গে মতবিনিময় করেন মন্ত্রী।
হাসপাতালের চিকিৎসাসেবার মান শতভাগ নিশ্চিত করতে উপস্থিত কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।