স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পি এম

সিডনির বিশ্ব এন্ডোডন্টিক কংগ্রেসে বাংলাদেশের মুখ অধ্যাপক মুজিবুর রহমান

ছবি: সংগৃহীত

ঢাকা: অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত ১৫তম আইএফইএ (International Federation of Endodontic Associations) ওয়ার্ল্ড এন্ডোডন্টিক কংগ্রেস-২০২৬-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) এবং কনজারভেটিভ ডেন্টিস্ট্রি অ্যান্ড এন্ডোডন্টিক্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার।


গত ২৭ থেকে ৩০ আগস্ট সিডনির ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার সিডনিতে (আইসিসি সিডনি) অনুষ্ঠিত চার দিনব্যাপী এ আন্তর্জাতিক বৈজ্ঞানিক কংগ্রেসে বিশ্বের ৫৬টি দেশের ৯৯৪ জন এন্ডোডন্টিক বিশেষজ্ঞ, গবেষক ও ডেন্টাল পেশাজীবী অংশ নেন।


কংগ্রেসে সমসাময়িক এন্ডোডন্টিক চিকিৎসাবিজ্ঞান, আধুনিক প্রযুক্তি, ক্লিনিক্যাল ব্যবস্থাপনা ও গবেষণার বিভিন্ন বিষয় নিয়ে বৈজ্ঞানিক অধিবেশন, আলোচনা ও প্রবন্ধ উপস্থাপন করা হয়।

অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার ২৮ আগস্ট বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্পিকার হিসেবে ‘Impact of Trauma in Endodontic Outcome’ শীর্ষক বৈজ্ঞানিক উপস্থাপনা করেন। বাংলাদেশের একমাত্র কান্ট্রি প্রেজেন্টেশন সেশনে তাঁর এ উপস্থাপনায় এন্ডোডন্টিক চিকিৎসার ফলাফলের ওপর ট্রমার প্রভাবসহ সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়।

আন্তর্জাতিক এ সম্মেলনে বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ স্পিকার হিসেবে তাঁর অংশগ্রহণ দেশের এন্ডোডন্টিকসহ দন্তরোগের শিক্ষা, চিকিৎসা ও গবেষণাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলনে বাংলাদেশের বিশেষজ্ঞদের এমন অংশগ্রহণ দেশের দন্ত চিকিৎসাবিজ্ঞানে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষা, চিকিৎসা ও গবেষণায় আন্তর্জাতিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচন করবে।

একই সঙ্গে অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদারের এ অংশগ্রহণ দেশের দন্তরোগ বিশেষজ্ঞ, শিক্ষক, চিকিৎসক, শিক্ষার্থী ও তরুণ চিকিৎসকদের আধুনিক চিকিৎসাবিজ্ঞান ও গবেষণায় আরও বেশি উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে।