স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পি এম

বিএমইউতে ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণের জন্য সনদপত্র পেলেন ৮১ নার্স

ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) সি ব্লকের ১০ম তলায় ১১ শয্যাবিশিষ্ট আইসিইউ-১ উদ্বোধন করা হয়েছে। একই সঙ্গে পাঁচটি ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কোর্স সম্পন্নকারী ৮১ জন নার্সের মধ্যে সনদপত্র বিতরণ করা হয়।

শনিবার সি ব্লকের অধ্যাপক ডা. সামাদ সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আইসিইউ উদ্বোধন ও নার্সদের হাতে সনদ তুলে দেন বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।

অ্যানেসথেসিয়া, অ্যানালজেসিয়া অ্যান্ড ইনটেনসিভ কেয়ার মেডিসিন বিভাগের চেয়ারম্যান ও বিএমইউর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, নার্সিং অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. মনির হোসেন খান এবং রোটারি ক্লাব অব মেট্রোপলিটন ঢাকার সভাপতি রোটারিয়ান খালিদ হাসান।

উপাচার্য বলেন, ক্রিটিক্যাল কেয়ার নার্সিং প্রশিক্ষণ কর্মসূচির মেয়াদ আরও দীর্ঘ ও আধুনিকায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রয়োজনীয় সহায়তা দেবে। মুমূর্ষু রোগীদের সেবায় প্রশিক্ষিত নার্সের ভূমিকা অপরিহার্য। বিএমইউতে বৈকালিক ও নাইট শিফটে ওটি চালুর পরিকল্পনা রয়েছে, ফলে আরও প্রশিক্ষিত নার্সের প্রয়োজন হবে।

উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, নার্সিং একটি হাইস্কিলড ও নোবেল পেশা। দক্ষতা ও প্রশিক্ষণের মাধ্যমে নার্সদের রোগীসেবায় আরও সক্ষম করে তুলতে বিএমইউ কাজ করছে।

রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. মোস্তফা কামাল বলেন, অ্যানেসথেসিয়া, ইনটেনসিভ কেয়ার ও নার্সিং—এই তিন ক্ষেত্রকে সমন্বিতভাবে এগিয়ে নেওয়া সময়ের দাবি। বিশ্ববিদ্যালয়ের উন্নতি ও দেশের রোগীদের প্রয়োজন বিবেচনায় অ্যানেসথেসিয়া, ইনটেনসিভ কেয়ার সার্ভিসেস ও অ্যালায়েড ডিসিপ্লিনগুলো নিয়ে নতুন একটি ফ্যাকাল্টি প্রতিষ্ঠা করা প্রয়োজন। তিনি দ্রুত প্রয়োজনীয় অ্যানেসথেসিয়া মেশিন, আইসিইউ সরঞ্জাম ও দক্ষ জনবল বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেন।