স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে গবেষণা, উদ্ভাবন, পেটেন্ট, আন্তর্জাতিক সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক তথ্য ব্যবস্থাপনায় নতুন কর্মপরিকল্পনা গ্রহণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএমইউ)।
এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের র্যাংকিং কমিটির একটি গুরুত্বপূর্ণ সভা সোমবার (৩১ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন (THE) ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাংকিংয়ে অংশগ্রহণের অভিজ্ঞতা পর্যালোচনা, চলমান কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউর উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী। সভায় সভাপতিত্ব করেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম।
উপাচার্য অধ্যাপক এফ. এম. সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রমকে আন্তর্জাতিক পর্যায়ে আরও কার্যকরভাবে উপস্থাপনের ওপর গুরুত্বারোপ করেন। তিনি পেটেন্টযোগ্য উদ্ভাবন চিহ্নিত করা, গবেষণা সহযোগিতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের দৃশ্যমানতা বাড়াতে সমন্বিত উদ্যোগ গ্রহণের নির্দেশনা দেন।
সভাপতির বক্তব্যে উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম সভায় আলোচিত বিষয়গুলো নিয়ে একটি পূর্ণাঙ্গ কার্যবিবরণী প্রস্তুতের নির্দেশ দেন। পাশাপাশি বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, ফোকাল পয়েন্ট ও ফোকাল পার্সনদের নিয়ে পৃথক সভা আয়োজনের কথাও জানান তিনি।
পরবর্তী সভায় আলোচনার ভিত্তিতে মার্চ থেকে জুন সময়কালের জন্য একটি বিস্তারিত অ্যাকশন প্ল্যান প্রণয়ন করা হবে। এতে বিভাগভিত্তিক ও সূচকভিত্তিক দায়িত্ব বণ্টন, প্রয়োজনীয় তথ্য, সময়সীমা এবং কার্যক্রম পর্যবেক্ষণের ব্যবস্থা নির্ধারণ করা হবে।
সভায় পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ডা. ফারিয়া হাসিন একটি বিস্তারিত উপস্থাপনায় র্যাংকিং কার্যক্রমের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে সম্পন্ন ও চলমান কার্যক্রম, অর্জিত অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
উপস্থাপনায় বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক র্যাংকিং কাঠামো, বিভাগভিত্তিক ফোকাল পয়েন্ট ও ফোকাল পার্সন ব্যবস্থা, শিক্ষকবৃন্দের ওআরসিআইডি ও গুগল স্কলার প্রোফাইল, গবেষণা ও প্রকাশনা, তথ্য সংগ্রহ ও যাচাই, সক্ষমতা বৃদ্ধি, আইটি ও আর্থিক সহায়তাসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়।
সভায় গবেষকদের সঠিক প্রাতিষ্ঠানিক অ্যাফিলিয়েশন ব্যবহারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। স্কোপাস ও পাবমেডের মতো আন্তর্জাতিক ডেটাবেসে বিশ্ববিদ্যালয়ের গবেষণা ও প্রকাশনার তথ্য যথাযথভাবে প্রতিফলিত করতে শিক্ষক ও গবেষকদের প্রোফাইল এবং প্রাতিষ্ঠানিক পরিচিতি সঠিকভাবে সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।
বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিকীকরণ আরও শক্তিশালী করতে আন্তর্জাতিক শিক্ষার্থী ও শিক্ষক আকর্ষণ, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কর্মসূচি এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা বৃদ্ধির বিষয়েও আলোচনা হয়।
উদ্ভাবন ও পেটেন্টের বিষয়টি সভায় বিশেষ গুরুত্ব পায়। বিএমইউতে চলমান গবেষণা ও উদ্ভাবনী কার্যক্রম থেকে পেটেন্টযোগ্য উদ্ভাবন চিহ্নিত করে যথাযথ প্রক্রিয়ায় পেটেন্ট গ্রহণের উদ্যোগ নেওয়ার বিষয়ে আলোচনা হয়। গবেষণা ও উদ্ভাবনকে প্রযুক্তি হস্তান্তর ও শিল্প সহযোগিতার সঙ্গে যুক্ত করে একটি কার্যকর প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
সভায় প্রথমবারের মতো আন্তর্জাতিক র্যাংকিংয়ে অংশগ্রহণের অভিজ্ঞতা থেকে প্রাপ্ত শিক্ষার বিষয়েও আলোচনা হয়। ভবিষ্যতে শেষ মুহূর্তে তথ্য সংগ্রহের পরিবর্তে সারা বছর ধারাবাহিকভাবে র্যাংকিং-সংক্রান্ত তথ্য সংগ্রহ, যাচাই ও সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
সভায় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, আইকিউএসি, আইটি সেল ও বিএমইউ জার্নালের দায়িত্বশীল কর্মকর্তা এবং বিশ্ববিদ্যালয় র্যাংকিং কমিটির সদস্যরা।
সভায় অংশগ্রহণকারীরা গবেষণা উৎকর্ষ, আন্তর্জাতিকীকরণ, উদ্ভাবন, পেটেন্ট, শিল্প সহযোগিতা এবং প্রাতিষ্ঠানিক তথ্য ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়কে ভবিষ্যতে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় র্যাংকিংয়ে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।