স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) বি-ব্লক (প্রশাসনিক ভবন) পরিদর্শন করেছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। বুধবার তিনি প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিস পরিদর্শন করে চলমান সংস্কার ও উন্নয়নমূলক কার্যক্রমের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।
রাউন্ডকালে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কার্যক্রম পরিদর্শন করেন এবং অফিসগুলোর পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নকাজ যথাযথভাবে সম্পন্ন করার বিষয়ে নির্দেশনা দেন।
এ সময় বিএমইউর চীফ এস্টেট অফিসার ডা. মোঃ এহতেশামুল হক (তুহিন) প্রশাসনিক ভবনের বিভিন্ন অফিসের সংস্কার, উন্নয়ন ও প্রয়োজনীয় কার্যক্রম সম্পর্কে উপাচার্যসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবহিত করেন। তিনি বিভিন্ন দপ্তরের অবকাঠামোগত প্রয়োজন এবং চলমান কাজের অগ্রগতি তুলে ধরেন।
উপাচার্যের পরিদর্শনের সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মোঃ নজরুল ইসলাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. মোঃ আবুল কালাম আজাদ, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ মুজিবুর রহমান হাওলাদার, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোঃ মোস্তফা কামাল, শিশু অনুষদের ডিন অধ্যাপক ডা. মোঃ আতিয়ার রহমান এবং প্রক্টর অধ্যাপক ডা. মোঃ শেখ ফরহাদ উপস্থিত ছিলেন।
এ ছাড়া চীফ এস্টেট অফিসার ডা. মোঃ এহতেশামুল হক (তুহিন), পরিচালক (অর্থ ও হিসাব) খন্দকার শফিকুল হাসান রতন, পরিচালক (মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগ) মোঃ মাসুদ রানা, সার্জিক্যাল অনকোলজিস্ট অধ্যাপক ডা. মোঃ জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত রেজিস্ট্রার ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ, ডা. মোঃ দেলোয়ার হোসেন (টিটো), অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোঃ নাছির উদ্দিন ভূঁঞা, অতিরিক্ত পরিচালক (অর্থ ও হিসাব) মোহাম্মদ বদরুল হুদা, উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ও উপাচার্যের একান্ত সচিব-২ মোঃ লুৎফর রহমান, অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ইয়াহিয়া খাঁন এবং উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ হুমায়ুন কবীরসহ বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে উপাচার্য প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুশৃঙ্খল করার পাশাপাশি কর্মকর্তা-কর্মচারীদের জন্য উন্নত কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অবকাঠামোর উন্নয়ন ও সংস্কার কার্যক্রমের মাধ্যমে সেবার মান আরও উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা, চিকিৎসাসেবা ও প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে অবকাঠামোগত উন্নয়নসহ বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় উপাচার্যের এ পরিদর্শনকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্টরা।