স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) এর উদ্যোগে ‘টিচিং মেথডোলজি অ্যান্ড অ্যাসেসমেন্ট’ বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিএমইউর শহীদ ডা. মিল্টন হলে আয়োজিত কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে সনদপত্র বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম।
কর্মশালায় বিএমইউর বিভিন্ন বিভাগের ৩০ জন শিক্ষক অংশগ্রহণ করেন। শিক্ষকতার পদ্ধতি, শিক্ষার্থীদের মূল্যায়ন এবং আধুনিক শিক্ষাদান কৌশলসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।
আইকিউএসি পরিচালক অধ্যাপক ডা. নুরুন নাহার খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে আইকিউএসি’র অতিরিক্ত পরিচালক সহযোগী অধ্যাপক ডা. দীনে মুজাহিদ মো. ফারুক ওসমানী এবং প্রশিক্ষক ও রিসোর্স পার্সন বিএমইউর পাবলিক হেলথ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক ডা. মো. রাসেল আহমেদ খান উপস্থিত ছিলেন।
কর্মশালার মাধ্যমে শিক্ষকরা আধুনিক ও কার্যকর শিক্ষাদান পদ্ধতি এবং শিক্ষার্থীদের যথাযথ মূল্যায়নের বিভিন্ন কৌশল সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের গুণগত মান উন্নয়ন এবং শিক্ষকতার দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।