স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

ডেস্ক প্রতিবেদক
  ২৫ অগাস্ট ২০২৬, ০৫:১২ পি এম

বিএমইউ কোষাধ্যক্ষ অধ্যাপক নাহরীন আখতারের বিদায় সংবর্ধনা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) কোষাধ্যক্ষ ও ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. নাহরীন আখতারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আগামী ২৮ আগস্ট ২০২৬ তারিখে দীর্ঘ ৩৭ বছরের কর্মজীবন শেষে অবসরে (পিআরএল) যাচ্ছেন অধ্যাপক ডা. নাহরীন আখতার। তিনি ২০২৪ সালের ১ সেপ্টেম্বর মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে বিএমইউর কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বলেন, অধ্যাপক নাহরীন আখতার সততা, আন্তরিকতা, বিশ্বস্ততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের একটি কঠিন সময়ে তিনি দায়িত্ব নিয়ে আর্থিক ব্যবস্থাপনাকে শৃঙ্খলার মধ্যে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষায়ও তাঁর বিশেষ অবদান রয়েছে।

বিদায়ী কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতার বলেন, ২০২৪ সালে দায়িত্ব নেওয়ার সময় বিশ্ববিদ্যালয়ের আর্থিক ব্যবস্থাপনায় যে ভঙ্গুরতা ও অনিয়ম ছিল, তা আর্থিক বিধি-বিধান ও আইন অনুসরণ করে একটি শৃঙ্খলিত পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করেছেন। তিনি বলেন, সবাই ঐক্যবদ্ধ ও সম্মিলিতভাবে কাজ করলে কঠিন বিষয়ও সমাধান করা সম্ভব।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম ও অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদসহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বক্তব্য দেন। তাঁর কর্মজীবন নিয়ে একটি ভিডিও ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন, কর্মকর্তা-কর্মচারীদের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

অধ্যাপক ডা. নাহরীন আখতার ১৯৮৫ সালে ঢাকা মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস, ১৯৯৫ সালে ডিজিও এবং ১৯৯৮ সালে এফসিপিএস ডিগ্রি অর্জন করেন। ১৯৮৭ সালে চিকিৎসক হিসেবে কর্মজীবন শুরু করে ২০০৩ সালে বিএমইউতে শিক্ষকতা শুরু করেন। ২০১৫ সালে অধ্যাপক হন এবং ২০২০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ফিটোম্যাটারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। তাঁর জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রায় অর্ধশত গবেষণা প্রকাশনা রয়েছে।