স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৬: বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার মান আরও উন্নত করতে মেডিস্থান হেলথ কেয়ারের সঙ্গে যৌথভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী।
এ লক্ষ্যে মেডিস্থান হেলথ কেয়ারের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের বিষয়ে সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় মেডিস্থান হেলথ কেয়ারের পরিচালক ডা. মাসকুর আহমদ উসমানীসহ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
সভায় বিএমইউর চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার কার্যক্রমকে আরও সমৃদ্ধ করার পাশাপাশি রোগীদের উন্নত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক মতামত দেন।
উপাচার্য বলেন, চিকিৎসাবিজ্ঞানের ক্রমাগত পরিবর্তন ও নতুন নতুন প্রযুক্তির উদ্ভাবনের সঙ্গে তাল মিলিয়ে চিকিৎসা শিক্ষা, গবেষণা ও সেবার মানোন্নয়ন করা জরুরি। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। বিএমইউ ও মেডিস্থান হেলথ কেয়ারের যৌথ উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও চিকিৎসাসেবার ক্ষেত্রে নতুন সম্ভাবনা সৃষ্টি করবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সভায় সম্ভাব্য এমওইউর আওতায় চিকিৎসা শিক্ষা, চিকিৎসাসেবা ও গবেষণায় পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করা হয়। যৌথ গবেষণা কার্যক্রম, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার, চিকিৎসকদের জ্ঞান ও দক্ষতা উন্নয়ন এবং রোগীদের জন্য উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতার সুযোগ নিয়েও মতবিনিময় করা হয়।
চিকিৎসা গবেষণাকে আরও গতিশীল করার ওপরও সভায় বিশেষ গুরুত্ব দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও গবেষকদের সঙ্গে স্বাস্থ্যসেবা খাতের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সমন্বিত কার্যক্রমের মাধ্যমে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি এবং গবেষণার ফলাফলকে চিকিৎসাসেবায় প্রয়োগের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় অংশগ্রহণকারী চিকিৎসক ও শিক্ষকরা বলেন, চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো গেলে রোগ নির্ণয় ও চিকিৎসার আধুনিক পদ্ধতি সম্পর্কে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ সৃষ্টি হবে। একই সঙ্গে দেশের চিকিৎসা গবেষণার পরিধি আরও বিস্তৃত করা সম্ভব হবে।
গুরুত্বপূর্ণ এ সভায় বিএমইউর অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সৈয়দ মোঃ আকরাম হোসেন, হেপাটোবিলিয়ারি, প্যানক্রিয়েটিক ও ট্রান্সপ্ল্যান্ট সার্জারি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. বিধান চন্দ্র দাস, শিশু হেমাটোলজি অ্যান্ড অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল করিম এবং কিডনী (নেফ্রোলজি) বিভাগের শিক্ষক অধ্যাপক ডা. মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
এ ছাড়া মেডিস্থান হেলথ কেয়ারের পরিচালক ডা. মাসকুর আহমদ উসমানী সভায় উপস্থিত থেকে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সম্ভাব্য সহযোগিতার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় দেশের চিকিৎসা শিক্ষা, গবেষণা ও বিশেষায়িত চিকিৎসাসেবার অন্যতম প্রধান প্রতিষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা খাতের অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে দেশের চিকিৎসাব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করা সম্ভব।
বিএমইউ ও মেডিস্থান হেলথ কেয়ারের মধ্যে প্রস্তাবিত সমঝোতা স্মারক বাস্তবায়িত হলে চিকিৎসা শিক্ষা, গবেষণা এবং রোগীদের চিকিৎসাসেবার ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হবে বলে সভায় আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে যৌথ উদ্যোগে পরিচালিত কার্যক্রম দেশের চিকিৎসা ও গবেষণা খাতের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।