স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
রংপুর: রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিদ্যুতের শর্টসার্কিট থেকে সৃষ্ট আগুনের ঘটনায় আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অন্তত ৪০ জন রোগী ও স্বজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার সকাল সোয়া ৬টার দিকে হাসপাতালের নিচতলায় বিদ্যুতের কন্ট্রোল রুমের প্রশাসনিক শাখার পাশে একটি সুইচবোর্ডে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে অগ্নিকাণ্ডের পর প্রায় ছয় ঘণ্টা হাসপাতালের বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল। পরে কয়েকটি ওয়ার্ডে আংশিক বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও হৃদরোগ, নেফ্রোলজি, গাইনি ও কিডনি ডায়ালাইসিসসহ কয়েকটি বিভাগে বিদ্যুৎ না থাকায় রোগীদের দুর্ভোগ বেড়ে যায়। জরুরি অস্ত্রোপচারসহ চিকিৎসাসেবা ব্যাহত হয়।
হাসপাতাল সূত্রে জানা যায়, আগুন লাগার পর দুই থেকে পাঁচতলার বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাঁদের স্বজনেরা দ্রুত নিচে নামতে গিয়ে পড়ে গিয়ে ও পদদলিত হয়ে আহত হন।
নেফ্রোলজি ওয়ার্ডে চিকিৎসাধীন কিডনি রোগী সফিউল আলমকে নামানোর সময় তাঁর দুই ভাতিজাও আহত হন। ওই ওয়ার্ডের অন্তত ১৫ জন রোগী হুড়োহুড়িতে আহত হন। গাইনি ওয়ার্ড থেকে নবজাতক ও মায়েদের নামিয়ে আনার সময়ও কয়েকজন আহত হন।
গাইনি ওয়ার্ডে চিকিৎসাধীন মমতাজ বেগম জানান, পাঁচ দিন আগে তাঁর কন্যাসন্তানের জন্ম হয়েছে। আগুনের খবর পেয়ে শিশুকে নিয়ে নিচে নামতে গিয়ে তিনি আহত হন।
বিকেল ৪টা পর্যন্ত হাসপাতালের পরিচালকের কার্যালয়, হৃদরোগ, প্যাথলজি, চর্ম ও যৌন রোগ, কিডনি ডায়ালাইসিস এবং নেফ্রোলজি বিভাগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়নি। এতে প্রচণ্ড গরমে রোগীদের দুর্ভোগ পোহাতে হয়।
রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মোহা. আব্দুল মোকাদ্দেম বলেন, শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। হাসপাতালের সব ওয়ার্ডে বিদ্যুৎ সংযোগ চালু করার চেষ্টা চলছে।