স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
গাইবান্ধা: বিয়ের আগের দিন ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মারা গেছেন গাইবান্ধার যুবক আরিফ শাহরিয়ার সৌমিক। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৌমিক গাইবান্ধা জেলা শহরের ডেভিড কোম্পানি পাড়ার বাসিন্দা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার সুলতান মিয়ার ছেলে। শুক্রবার (১৬ অক্টোবর) তাঁর বিয়ের দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে বৃহস্পতিবার গায়ে হলুদের আয়োজনও করা হয়েছিল।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে ঢাকা থেকে গাইবান্ধার বাড়িতে আসেন সৌমিক। কয়েক দিন আগে তিনি জ্বরে আক্রান্ত হন। বৃহস্পতিবার সকালে তাঁর শরীরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যায়।
পরে স্বজনেরা তাঁকে একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে চিকিৎসকের পরামর্শ নেন। সেখান থেকে তাঁকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
রাতে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনেরা সৌমিককে গাইবান্ধা জেলা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
সৌমিকের বিয়েকে ঘিরে দুই পরিবারেই চলছিল ব্যাপক প্রস্তুতি। কনের বাড়িতে সাজানো হয়েছিল আলোকসজ্জার গেট, চলছিল বাড়িঘর সাজানোর কাজ। সৌমিকের বাড়িতেও ছিল বিয়ের আয়োজন।
কিন্তু বিয়ের আগের দিন তাঁর মৃত্যুতে সব আয়োজন থেমে যায়। দুই পরিবারের আনন্দঘন পরিবেশ মুহূর্তেই শোকে পরিণত হয়।