স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

গ্রামীণ স্বাস্থ্য ডেস্ক, স্থানীয় প্রতিনিধি
  ১৬ অক্টোবর ২০২৬, ০৭:০০ পি এম

সরকারি মেডিকেল কলেজ ও জেলা হাসপাতালে পৃথক স্পাইন ইউনিট চালুর দাবি

ছবি: সংগৃহীত

খুলনা: মেরুদণ্ডের উন্নত চিকিৎসাসেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে দেশের প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পৃথক স্পাইন ইউনিট চালুর দাবি জানিয়েছেন খুলনা মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. মাহমুদুল হাসান পলাশ। একই সঙ্গে স্পাইন সার্জনদের জন্য পৃথক পদ সৃষ্টি ও উপযুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

শুক্রবার বিশ্ব স্পাইন ডে উপলক্ষে সাতক্ষীরা স্পেশালাইজড হসপিটালের উদ্যোগে আয়োজিত র‍্যালি শেষে বক্তব্যে তিনি এসব দাবি জানান। এবারের প্রতিপাদ্য ছিল ‘স্পাইন হেলথ ফর লাইফ’, অর্থাৎ আজীবন মেরুদণ্ডের সুস্বাস্থ্য।

ডা. মাহমুদুল হাসান বলেন, মেরুদণ্ডের সুস্বাস্থ্যের ওপর মানুষের স্বাভাবিক জীবনযাপন অনেকাংশে নির্ভরশীল। হাঁটা, দৌড়ানো, হাত দিয়ে কাজ করা এবং দৈনন্দিন বিভিন্ন কর্মকাণ্ড সম্পাদনের সক্ষমতার সঙ্গে মেরুদণ্ডের স্বাস্থ্য জড়িত। তাই মেরুদণ্ড সুস্থ রাখতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপন জরুরি।

মেরুদণ্ডের সুস্বাস্থ্য বজায় রাখতে পুষ্টিকর খাবার গ্রহণ, ফাস্ট ফুড ও জাঙ্ক ফুড পরিহার, নিয়মিত হাঁটাচলা এবং সময়মতো ঘুমানোর পরামর্শ দেন তিনি। পাশাপাশি শারীরিক কর্মকাণ্ড কমিয়ে অতিরিক্ত যান্ত্রিক যানবাহনের ওপর নির্ভরশীল না হওয়ার আহ্বান জানান।

মেরুদণ্ডের ব্যথাকে অবহেলা না করার পরামর্শ দিয়ে এই চিকিৎসক বলেন, অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই ওষুধের দোকান থেকে ব্যথানাশক ওষুধ কিনে সেবন করেন। এতে কিডনি ও যকৃতের ক্ষতির ঝুঁকি রয়েছে। ডিস্কের সমস্যা ছাড়াও যক্ষ্মা, ক্যান্সার, হাড়ের ক্ষয়, কাইফোসিস, স্কলিওসিস ও অস্টিওপোরোটিক ফ্র্যাকচারসহ বিভিন্ন কারণে মেরুদণ্ডে ব্যথা হতে পারে। তাই ব্যথার প্রকৃত কারণ নির্ণয় ও যথাযথ চিকিৎসার জন্য বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।

সরকারি হাসপাতালে উন্নত স্পাইন চিকিৎসার সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বেসরকারি পর্যায়ে এ ধরনের চিকিৎসার ব্যয় অনেকের সামর্থ্যের বাইরে। ফলে সাধারণ ও দরিদ্র মানুষের জন্য সরকারি হাসপাতালেই উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা প্রয়োজন। এ লক্ষ্যে প্রতিটি সরকারি মেডিকেল কলেজ ও জেলা সদর হাসপাতালে পৃথক স্পাইন ইউনিট প্রতিষ্ঠা, স্পাইন সার্জনদের জন্য স্বতন্ত্র পদ সৃষ্টি এবং চিকিৎসকদের মানসম্মত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

তিনি আরও বলেন, মেরুদণ্ডের উন্নত চিকিৎসার জন্য অনেক রোগী বিদেশে যাচ্ছেন। দেশে প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা গেলে রোগীদের বিদেশমুখিতা কমবে এবং দেশের অর্থ সাশ্রয় হবে। এ বিষয়ে সরকার, সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও গণমাধ্যমকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

ডা. মাহমুদুল হাসান জানান, খুলনা মেডিকেল কলেজে সরকারি ব্যবস্থাপনায় স্পাইন চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। সাতক্ষীরাতেও এ ধরনের সেবা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

বিশ্ব স্পাইন ডে উপলক্ষে আয়োজিত র‍্যালিতে চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও সাংবাদিকরা অংশ নেন।