স্বাস্থ্য সংবাদ ব্রেকিং

গ্রামীণ স্বাস্থ্য ডেস্ক, স্থানীয় প্রতিনিধি
  ২১ অক্টোবর ২০২৬, ০৮:১২ পি এম

পাঁচ দফা দাবিতে রামেক ইন্টার্ন চিকিৎসকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, নিরাপত্তা নিশ্চিতকরণসহ পাঁচ দফা দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন ইন্টার্ন চিকিৎসকরা।।

বুধবার (২১ অক্টোবর) সকাল ৮টা থেকে তাঁদের এ কর্মসূচি শুরু হয়।

এতে চিকিৎসা নিতে আসা রোগীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, কর্মবিরতিতে ওয়ার্ডের চিকিৎসাসেবায় তেমন প্রভাব পড়ছে না।

বুধবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের চারু মামার ক্যান্টিনে সংবাদ সম্মেলনে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতারা তাঁদের দাবিগুলো তুলে ধরেন।

সংগঠনটির নেতাদের অভিযোগ, হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সংকট রয়েছে।

পাশাপাশি রোগীর সঙ্গে অতিরিক্ত স্বজন ও দর্শনার্থীদের প্রবেশ এবং আনসার সদস্যদের দায়িত্বে অবহেলার কারণে ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তাঁরা প্রায়ই অপ্রীতিকর পরিস্থিতি ও হামলার ঝুঁকির মুখে পড়ছেন।

নেতারা আরও অভিযোগ করেন, একাধিক ইন্টার্ন চিকিৎসককে হত্যার হুমকি দেওয়া হয়েছে। রোগীর স্বজনদের হুমকির মুখে একজন নারী ইন্টার্ন চিকিৎসককে সাধারণ পোশাকে ওয়ার্ড ছাড়তে বাধ্য হতে হয়েছে।

এ ছাড়া অবজারভেশন রুম ও ক্যাজুয়ালিটি বিভাগ চালু না থাকায় ভর্তি ওয়ার্ডগুলোতে রোগীর অতিরিক্ত চাপ সামলাতে হচ্ছে। এতে ইন্টার্ন চিকিৎসকদের দায়িত্ব পালনে বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে বলে জানান তাঁরা।

ইন্টার্ন ডক্টরস সোসাইটির নেতাদের দাবি, এসব সমস্যা সমাধানে হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার আশ্বাস দিলেও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে বাধ্য হয়ে তাঁরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে গেছেন।

ইন্টার্ন চিকিৎসকদের পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, হাসপাতালের ভর্তি ওয়ার্ডগুলোতে পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ নিশ্চিত করা, ইন্টার্ন চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা, একজন রোগীর সঙ্গে সর্বোচ্চ দুজন স্বজনের প্রবেশের অনুমতি দেওয়া, রোগী ভর্তির দিন ও পরদিন সব ওয়ার্ডে আনসার সদস্যদের সক্রিয় উপস্থিতি নিশ্চিত করা এবং অবিলম্বে ক্যাজুয়ালিটি বিভাগ চালু করা।

সংগঠনটির সভাপতি ডা. এস এম তপু জানান, দাবিগুলো পূরণ না হলে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. শেখ শামীম আহমেদ জানিয়েছেন, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ওয়ার্ডের চিকিৎসাসেবায় তেমন প্রভাব পড়ছে না। সমস্যা সমাধানে হাসপাতালের পরিচালক ইন্টার্ন চিকিৎসকদের সঙ্গে আলোচনা করছেন। দ্রুত এ পরিস্থিতির সমাধান হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।