স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
জামালপুর: নতুন ইন্সট্রাক্টর ইনচার্জের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে তৃতীয় দিনের মতো কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করছেন জামালপুর নার্সিং ও মিডওয়াইফারি কলেজের শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দিয়ে অবস্থান নেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বেলা সাড়ে ১১টার দিকে নতুন ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিন যোগদান করতে এলে তাঁকে প্রবেশে বাধা দেন শিক্ষার্থীরা।
গত ১২ অক্টোবর নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের এক আদেশে জামালপুরের ইন্সট্রাক্টর ইনচার্জ শাহজাদী মাহমুদাকে শেরপুর নার্সিং ইনস্টিটিউটে বদলি করা হয়। একই আদেশে শেরপুরের ইন্সট্রাক্টর ইনচার্জ মাকসুদা ইয়াসমিনকে জামালপুরে পদায়ন করা হয়। এরপর থেকেই তাঁর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, শেরপুরে দায়িত্ব পালনকালে মাকসুদা ইয়াসমিনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ছিল এবং তাঁর আচরণ শিক্ষার্থীবান্ধব নয়।
এসব অভিযোগের কারণে তাঁকে জামালপুরে দায়িত্ব দিতে চান না তাঁরা। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
তবে মাকসুদা ইয়াসমিন অভিযোগ অস্বীকার করে বলেন, তাঁর যোগদানে বাধা দিতে ষড়যন্ত্র করা হয়েছে। আন্দোলনের কারণে যোগদান করতে পারেননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন।
কলেজের নার্সিং ইন্সট্রাক্টর সামিনা আক্তার বলেন, আন্দোলনের কারণে সাধারণ শিক্ষকেরাও কলেজে প্রবেশ করতে পারছেন না। ফলে শিক্ষা কার্যক্রম ও হাসপাতালের ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ রয়েছে।