স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: দলীয় নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে স্বচ্ছতা, জবাবদিহি ও দায়িত্বশীলতার সঙ্গে রাজনীতি করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি বলেছেন, কোনো দুর্নীতিবাজ, সন্ত্রাসী, দখলবাজ, চাঁদাবাজ কিংবা অস্ত্রধারীর দলে স্থান হবে না।
শুক্রবার (২৮ আগস্ট) নিজ নির্বাচনী এলাকা মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, কোনো অন্যায়কে প্রশ্রয় দেওয়া যাবে না। ব্যক্তিগত প্রভাব খাটিয়ে কাজ আদায় কিংবা দুই পক্ষকে খুশি রাখার রাজনীতি থেকে নেতাকর্মীদের বেরিয়ে আসতে হবে।
জনগণের কাছে নেতাকর্মীদের জবাবদিহি নিশ্চিত করতে হবে। শুধু পদ-পদবি নিয়ে বসে না থেকে মানুষের কল্যাণে কাজ করার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
ফ্যামিলি কার্ড বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে সরদার সাখাওয়াত হোসেন বলেন, দলীয় পরিচয় বা ব্যক্তিগত সুপারিশের ভিত্তিতে নয়, প্রকৃতপক্ষে যারা সুবিধা পাওয়ার যোগ্য, তাদেরই ফ্যামিলি কার্ড পাওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতিত্ব গ্রহণযোগ্য হবে না বলেও তিনি উল্লেখ করেন।
নেতাকর্মীদের সতর্ক করে মন্ত্রী বলেন, সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড কিংবা কোনো ধরনের দুর্নীতিতে জড়ানো যাবে না। কোনো নেতাকর্মীর অনৈতিক কর্মকাণ্ডের নেতিবাচক প্রভাব সরাসরি দলের ভাবমূর্তির ওপর পড়ে। তাই জনগণের আস্থা অর্জনে সবাইকে সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
সভায় সারের ডিলার নিয়োগের বিষয়েও কথা বলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী। তিনি জানান, প্রতিটি ইউনিয়নে নতুন করে সারের ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন ডিলারদের মাধ্যমে সাব-ডিলার নিয়োগের ব্যবস্থাও থাকবে। ডিলার নিয়োগের ক্ষেত্রে যোগ্যতা, স্বচ্ছতা ও ন্যায়সংগত প্রক্রিয়া নিশ্চিত করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
আগামী ১ সেপ্টেম্বর বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিজ নির্বাচনী এলাকায় বিভিন্ন কর্মসূচি পালনের নির্দেশনাও দেন মন্ত্রী। এসব কর্মসূচির মধ্যে আলোচনা সভা, র্যালি, মাইকিং, পোস্টার ও ব্যানার প্রদর্শন, মাছের পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি রয়েছে।
মতবিনিময় সভায় মনোহরদী ও বেলাব উপজেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যসচিব, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।