স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: সেপ্টেম্বর-২০২৬ সালের লাইসেন্সিং পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু করেছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল (বিএনএমসি)। নার্সিং, মিডওয়াইফারি ও পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের যোগ্য পরীক্ষার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
বিএনএমসি ০২ সেপ্টেম্বর জারি করা এক সংশোধিত বিজ্ঞপ্তিতে লাইসেন্সিং পরীক্ষার আবেদন, ফি জমা, প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষার সময়সূচি সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, লাইসেন্সিং পরীক্ষার জন্য অনলাইন আবেদন গ্রহণ শুরু হয়েছে ১ আগস্ট ২০২৬ থেকে। আবেদন করা যাবে আগামী ৭ সেপ্টেম্বর বিকেল ৪টা পর্যন্ত। অনলাইন আবেদন সম্পন্ন হওয়ার পর প্রয়োজনীয় কাগজপত্রের হার্ডকপি ও পরীক্ষার ফি জমা দেওয়ার শেষ সময় ৮ সেপ্টেম্বর বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আগামী ২৫ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১টা ৪০ মিনিট পর্যন্ত লাইসেন্সিং পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রত্যেক পরীক্ষার্থীকে ২ হাজার টাকা ফি জমা দিতে হবে। ফি ‘বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল’-এর অনুকূলে অনলাইন জমা স্লিপ অথবা যে কোনো ব্যাংকের পে-অর্ডার বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে প্রাইম ব্যাংকের যে কোনো শাখায় জমা দেওয়া যাবে।
বিএনএমসি জানিয়েছে, নার্সিং ও মিডওয়াইফারি কোর্সের পরীক্ষার্থীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। অন্যদিকে পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের পরীক্ষার্থীরা নিজ উদ্যোগে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন।
আবেদনের সঙ্গে কোর্সভেদে বিভিন্ন প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। এর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের ফরওয়ার্ডিং লেটার, পরীক্ষার ফি জমার রশিদ, পরীক্ষার্থীদের তালিকা, স্টুডেন্ট রেজিস্ট্রেশন সংক্রান্ত কাগজপত্র এবং ইন্টার্নশিপ সনদপত্র।
জমা দেওয়া প্রয়োজনীয় কাগজপত্রের ফটোকপিগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অধ্যক্ষের মাধ্যমে সত্যায়িত হতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের পরীক্ষার্থীদের ক্ষেত্রে অতিরিক্তভাবে এসএসসি পরীক্ষার সনদপত্র, সংশ্লিষ্ট কোর্সের সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের কপি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তিতে ইন্টার্নশিপ সম্পন্নকারী ও ইন্টার্নশিপরত শিক্ষার্থীদের জন্যও বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব শিক্ষার্থী আগামী ৩১ অক্টোবর ২০২৬ সালের মধ্যে ইন্টার্নশিপ সম্পন্ন করবেন, তারা সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের প্রত্যয়নপত্রসহ লাইসেন্সিং পরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।
তবে লাইসেন্সিং পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চূড়ান্ত রেজিস্ট্রেশনের সময় সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে ৬ মাসের ইন্টার্নশিপ সম্পন্ন করার সনদপত্র জমা দিতে হবে।
বিএনএমসি আরও জানিয়েছে, পরীক্ষার কেন্দ্র, বিস্তারিত সময়সূচি এবং প্রবেশপত্র ইস্যু সংক্রান্ত পরবর্তী নির্দেশনা যথাসময়ে কাউন্সিলের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
লাইসেন্সিং পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক নার্সিং, মিডওয়াইফারি ও পেশেন্ট কেয়ার টেকনোলজি কোর্সের পরীক্ষার্থীদের নির্ধারিত সময়সীমার মধ্যে আবেদন সম্পন্ন এবং প্রয়োজনীয় কাগজপত্র ও পরীক্ষার ফি জমা দেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল।