স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: টুথপেস্টসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যে মাইক্রোপ্লাস্টিক ও অন্যান্য ক্ষতিকর উপাদানের উপস্থিতি যাচাই এবং এ বিষয়ে জাতীয় মান নির্ধারণের উদ্যোগ নিয়েছে সরকার। শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জাতীয় সংসদে এ তথ্য জানিয়েছেন।
সরকারি দলের সংরক্ষিত মহিলা আসন-৩৫-এর সদস্য সেলিনা সুলতানার কার্যপ্রণালি বিধির ৭১ বিধির আওতায় উত্থাপিত জরুরি জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে শিল্পমন্ত্রী বলেন, সম্প্রতি একটি বেসরকারি প্রতিষ্ঠানের গবেষণায় টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক টক্সিন থাকার দাবি গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।
তিনি বলেন, অসম্পূর্ণ গবেষণার তথ্যের ভিত্তিতে জনমনে বিভ্রান্তি বা অযথা আতঙ্ক সৃষ্টি রোধে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।
মন্ত্রী জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিজ্ঞানী, ডেন্টাল বিশেষজ্ঞ, চিকিৎসক ও ভোক্তা অধিকার প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চপর্যায়ের টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটির তদারকিতে বাজার ও উৎপাদনকারী কারখানা থেকে নমুনা সংগ্রহ করে স্বাধীন বৈজ্ঞানিক পরীক্ষার জন্য বাংলাদেশ কাউন্সিল অব সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চে (বিসিএসআইআর) পাঠানো হয়েছে।
তিনি বলেন, বর্তমানে দেশে মাইক্রোপ্লাস্টিকের কোনো নির্ধারিত জাতীয় মান নেই। এ কারণে মাইক্রোপ্লাস্টিক শনাক্তের প্রয়োজনীয় যন্ত্রপাতি সংগ্রহের পাশাপাশি গ্রহণযোগ্য মাত্রা ও পরীক্ষার পদ্ধতি নির্ধারণের কাজ শুরু হয়েছে।
বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে ক্ষতিকর প্লাস্টিক মাইক্রোবিড সংযোজন নিষিদ্ধ, পণ্যের গায়ে ব্যবহৃত উপাদানের স্পষ্ট ঘোষণা বাধ্যতামূলক এবং মাইক্রোপ্লাস্টিক শনাক্তের স্ট্যান্ডার্ড পরীক্ষা পদ্ধতি জাতীয় মানে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শিল্পমন্ত্রী।
তিনি আরও বলেন, কোনো পণ্যে অননুমোদিত উপাদান বা নির্ধারিত মানের ব্যত্যয় প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রস্তুতকারক ও আমদানিকারকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।