স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) উপাধ্যক্ষ পদে অধ্যাপক ডা. মুসাররাত সুলতানাকে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার।
এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় ২ সেপ্টেম্বর একটি প্রজ্ঞাপন জারি করেছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, সরকারি চাকরি আইন, ২০১৮-এর ৪৯ ধারা অনুযায়ী অধ্যাপক ডা. সুমাররাত সুলতানাকে কোড নং-৪১৪২৪-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
চুক্তিভিত্তিক দায়িত্ব পালনের এ সময়ে তার অবসর-উত্তর ছুটি এবং এ-সংক্রান্ত অন্যান্য সুবিধা স্থগিত থাকবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদকালে তিনি অন্য কোনো পেশা বা ব্যবসার সঙ্গে যুক্ত থাকতে পারবেন না। একই সঙ্গে সরকারি, আধা-সরকারি, বেসরকারি কোনো প্রতিষ্ঠান কিংবা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক থাকলে তা পরিত্যাগের শর্তে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব মোঃ গোলাম রব্বানী।
এতে উল্লেখ করা হয়েছে, ডা. সুমাররাত সুলতানার চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারিত হবে।
জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।