স্বাস্থ্য সংবাদ ব্রেকিং
ঢাকা: কুর্মিটোলা জেনারেল হাসপাতালের এক চিকিৎসকের বিরুদ্ধে রোগীর সঙ্গে অসৌজন্যমূলক ও দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। দাঁতের তীব্র ব্যথা নিয়ে চিকিৎসা নিতে গিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও তার সহকারীর কাছ থেকে অপমানজনক আচরণের শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন এক ব্যক্তি।
এ ঘটনার বিস্তারিত বর্ণনা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
ফেসবুকে দেওয়া অভিযোগে ওই ব্যক্তি জানান, শনিবার সকালে তিনি তীব্র দাঁতের ব্যথা নিয়ে সিরিয়াল অনুযায়ী কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একটি কক্ষে চিকিৎসকের কাছে যান। কক্ষে প্রবেশ করে সালাম দেওয়ার পর চিকিৎসকের সহকারী তাকে বসতে বলেন।
অভিযোগকারী জানান, তার নিচের দিকের একটি দাঁতে ভোররাত থেকে তীব্র ব্যথা হচ্ছিল। এর আগে তিনি একটি আক্কেল দাঁত তুলেছিলেন এবং সে সময় এক্স-রে করানো হয়েছিল।
আগের চিকিৎসক তাকে জানিয়েছিলেন, ভবিষ্যতে নিচের অন্য একটি দাঁতেও সমস্যা দেখা দিতে পারে। এ কারণে পুরোনো এক্স-রের তথ্য চিকিৎসককে জানিয়ে সমস্যার বিস্তারিত ব্যাখ্যা করতে চেয়েছিলেন তিনি।
তার অভিযোগ, এক্স-রের প্রসঙ্গ তোলার পর চিকিৎসক রূঢ় ভাষায় তার সঙ্গে কথা বলেন। এরপর কোন দাঁতে ব্যথা হচ্ছে, তা বোঝাতে গিয়ে চিকিৎসকের কাছ থেকে ধমকের মুখে পড়েন তিনি।
ফেসবুক পোস্টে অভিযোগকারী লিখেছেন, তিনি ব্যথার স্থান বোঝানোর চেষ্টা করলে চিকিৎসক তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন এবং ‘বেশি কথা কেন বলেন’-এমন মন্তব্য করেন। চিকিৎসকের সহকারীও পরবর্তীতে তার সঙ্গে খারাপ ব্যবহার শুরু করেন বলে অভিযোগ করেন তিনি।
অভিযোগকারী আরও জানান, তীব্র ব্যথার কারণে তিনি চিকিৎসকের কাছে জানতে চেয়েছিলেন, তাৎক্ষণিকভাবে ব্যথা কমাতে কী করা যেতে পারে। কিন্তু তার বক্তব্য অনুযায়ী, এ সময়ও তিনি সহযোগিতার পরিবর্তে ধমক ও অসৌজন্যমূলক আচরণের শিকার হন।
পরে তিনি চিকিৎসকের কক্ষ থেকে বের হয়ে হাসপাতালের প্রশাসনিক ব্লকে গিয়ে বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাদের জানান। সেখানে উপস্থিত একজন কর্মকর্তার সঙ্গে তিনি পুরো ঘটনা শেয়ার করেন বলে দাবি করেন।
অভিযোগকারীর ভাষ্য অনুযায়ী, দায়িত্বশীল এক কর্মকর্তা সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে আগেও দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে বলে মন্তব্য করেন এবং তাকে ভবিষ্যতে অন্য কক্ষে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন।
তবে অভিযোগকারী প্রশ্ন তুলেছেন, কোনো চিকিৎসকের বিরুদ্ধে বারবার রোগীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠলে শুধু অন্য চিকিৎসকের কাছে যাওয়ার পরামর্শ দিয়ে সমস্যার সমাধান সম্ভব কি না। তিনি বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এদিকে ওই পোস্টের নিচে একাধিক ব্যক্তি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাসেবা নিতে গিয়ে দুর্ব্যবহারের শিকার হওয়ার অভিযোগ তুলে মন্তব্য করেছেন।
একজন মন্তব্যকারী দাবি করেন, তার পরিবারের এক সদস্যকে অর্থোপেডিকস বিভাগে চিকিৎসা করাতে গিয়ে চিকিৎসকের কাছ থেকে অপমানজনক মন্তব্য শুনতে হয়েছিল।
আরেকজন মন্তব্যকারী অভিযোগ করেন, হাসপাতালের কিছু চিকিৎসক রোগীদের সঙ্গে মানবিক ও সহানুভূতিশীল আচরণ করেন না। এসব অভিযোগের সত্যতা যাচাই করে হাসপাতাল কর্তৃপক্ষের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন অনেকে।
তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ওঠা এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসক বা কুর্মিটোলা জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
রোগীদের অভিযোগ, সরকারি হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসা মানুষ শারীরিক অসুস্থতার পাশাপাশি চিকিৎসক বা হাসপাতালকর্মীদের অসৌজন্যমূলক আচরণের শিকার হলে তা তাদের মানসিকভাবে আরও বিপর্যস্ত করে তুলতে পারে।
তাই রোগীদের সঙ্গে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের মানবিক, সম্মানজনক ও পেশাদার আচরণ নিশ্চিত করার পাশাপাশি অভিযোগের কার্যকর প্রতিকার ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন তারা।